ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে লেন না মেনে গাড়ি চালানোর ঘটনা বাড়ছে। উল্টোপথে গাড়ি চলার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মহাসড়ক পার হতে গিয়েও নিয়ম মানছেন না পথচারীরাও। হাইওয়ে পুলিশের উপস্থিতিতেই চলছে ব্যটারিচালিত রিকশা, সিএনজিচালিত অটোরিকশা। গতকাল শনিবার দুপুরে মহাসড়কের সীতাকুণ্ড অংশের ছলিমপুর বাংলাবাজার এলাকা থেকে কুমিরা পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকা ঘুরে এই চিত্র দেখা যায়। এ সময় অন্তত ৭০টি গাড়ি আইন না মেনে ও নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলতে দেখা যায়।
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা গৌতম বণিক প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বর মাসে স্কুল থেকে ফেরার পথে গাড়ির ধাক্কায় মেয়ের পা ভেঙে যায়। বেপরোয়া গতি ও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ওই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে গতকাল (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মহাসড়কের সীতাকুণ্ড অংশে নয়জন নিহত হয়েছেন। এই সময়ের মধ্যে আটটি দুর্ঘটনা ঘটেছে। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান বলেন, ছোটখাটো দুর্ঘটনার বিষয় অনেক ক্ষেত্রে পুলিশ পর্যন্ত আসে না।
সড়ক ও জনপথ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ সীতাকুণ্ড এলাকায় মহাসড়কে দুর্ঘটনার জন্য উল্টোপথে গাড়ি চলাচলকে প্রধান কারণ বলে উল্লেখ করেন। এ ছাড়া নিয়ম না মেনে পথচারীদের রাস্তা পারাপার, হাটবাজার এলাকায় গতি না কমানো, অতিরিক্ত পণ্য পরিবহন এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলকে দায়ী করেছেন।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলেন, মহাসড়কের সীতাকুণ্ড অংশে ছোট-বড় প্রায় দুই শ কারখানা রয়েছে। বড় কারখানার পাশে ট্রাক ও কাভার্ড ভ্যান পার্ক করে রাখার কারণে মহাসড়ক সংকুচিত হচ্ছে। এতে দ্রুতগামী গাড়ি চলাচলের সমস্যা হচ্ছে।
সীতাকুণ্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রথম আলোকে বলেন, তিনি বিভিন্ন সময় অভিযান চালিয়ে দেখেছেন, মহাসড়কের এই অংশে চলাচল করা লেগুনার ৭০ শতাংশ চালকের লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন বা জাল লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা বাড়ছে।