গাড়িচালক খুন, গ্যারেজ মালিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মনির হোসেন (৫০) নামের এক গাড়িচালককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ সোমবার ভোরে নগরের সিআরবি এলাকা থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে গাজীপুরে হযরত আলী (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হযরত স্থানীয় একটি গ্যারেজের মালিক ছিলেন।

চট্টগ্রামে নিহত মনির হোসেনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মনির নগরের কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় রেলওয়ের জায়গার ঘর করে বাস করতেন। তাঁর পরিবার ঢাকায় থাকে। মনিরের ঘরের কাছে সিআরবি পাহাড় এলাকায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

মনিরের ভগ্নিপতি মো. হেলাল অভিযোগ করেন, বৈদ্যুতিক লাইন নিয়ে রোববার সকালে প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মনিরের বাগ্‌বিতণ্ডা হয়। পরে রাতে মনির বাসা থেকে বের হওয়ার পর তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হেলাল দাবি করেন, প্রতিবেশী শফিকুলই তাঁর শ্যালককে খুন করেছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, মনিরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ বসতিতে বৈদ্যুতিক লাইন নিয়ে মনির ও শফিকুলের মধে৵ দ্বন্দ্বের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

গাজীপুরে নিহত হযরত আলী সিটি করপোরেশনের ইটাহাটা কলাবাগান এলাকার মৃত তাসান উল্লাহর ছেলে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের মালিক ছিলেন তিনি। আজ সকালে ওই গ্যারেজ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আলম মিয়া নামের এক অটোরিকশাচালক গ্যারেজটিতে অটোরিকশা নিতে যান। তখন গ্যারেজের মধ্যে হযরত আলীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন বলেন, ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা সম্ভব হবে।