গাড়িতে পেট্রলবোমা বহন, তিনজনকে গণপিটুনি
সেগুনবাগিচায় আজ সোমবার দুপুরে পেট্রলবোমা বহনের অভিযোগে তিনজনকে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। আহত ব্যক্তিরা হলেন আবদুল জলিল (৩৬), আনিসুর রহমান (৪৫) ও মো. জহির (৩৮)।
রমনা থানার পুলিশ জানিয়েছে, সেগুনবাগিচার ১২তলা ভবনের সামনে একটি ব্যক্তিগত গাড়িতে বসে থাকা তিনজনের গতিবিধি দেখে সন্দেহ হয় লোকজনের। তারা গাড়িতে থাকা তিনজনকে জেরা করে ও গাড়ি তল্লাশি করে ছয়টি অবিস্ফোরিত পেট্রলবোমা পায়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁদের আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহত ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, কথিত এক বড় ভাইয়ের কাছে বোমাগুলো তাঁরা পৌঁছে দিচ্ছিলেন। তদন্তের স্বার্থে পুলিশ ওই বড় ভাইয়ের নাম প্রকাশ করেনি।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, বোমা বহন করার অভিযোগে তিনজনকে স্থানীয় জনতার পিটুনি দেয়। ওই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধারণা করা হচ্ছে, নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য তাঁরা বোমাগুলো বহন করছিলেন।