গাড়ির তেলের ট্যাংকে ১২ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন রুবি গেট এলাকায় একটি প্রাইভেট কারের তেলের ট্যাংক থেকে ১২০টি সোনার বার উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা সোনার ওজন ১২ কেজি। আনুমানিক মূল্য সোয়া পাঁচ কোটি টাকা।

আজ মঙ্গলবার বিকেলে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ ফারুক, জহিরউদ্দিন ও জাকির উদ্দিন নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ফারুক গাড়ির চালক। জহিরউদ্দিন ও জাকিরউদ্দিন চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের একটি দোকানের কর্মী। তাঁরা তিনজনই আজ সকাল নয়টার দিকে রুবি গেট থেকে এফ-প্রিমিও (ঢাকা মেট্রো গ-৩৩-৭৯৭৪) প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওনা হন। সন্দেহ হওয়ায় পুলিশ তাঁদের চ্যালেঞ্জ করে। কথাবার্তায় অসংলগ্ন থাকায় গাড়িসহ তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাঁরা গাড়িতে সোনা থাকার কথা স্বীকার করেন।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘সন্দেহজনকভাবে আমরা গাড়িটি প্রথমে আটক করি। কিন্তু চালকসহ তিনজন প্রথমে মুখ খুলতে চাননি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা স্বর্ণ আছে বলে দুপুরের দিকে স্বীকার করেন। কিন্তু গাড়ির আসনে বা পেছনে আমরা স্বর্ণ দেখিনি। একপর্যায়ে তাঁরা জানান, তেলের ট্যাংকের ভেতরে স্বর্ণ আছে। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে গ্যারেজ থেকে মেকানিক ডেকে আনি।’
বিকেল সোয়া তিনটায় উপপুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ ও সাংবাদিকদের সামনে গাড়ির তেলের ট্যাংক খুলে দুটি থলে বের করে আনা হয়। অকটেনের ভেতরে থলে দুটি ডুবানো ছিল। ওই থলে থেকে সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল। প্রতিটি থলেতে ৬০টি করে সোনারবার ছিল। প্রত্যেকটি সোনার বারের ওজন ১০০ গ্রাম। সে হিসেবে উদ্ধার করা ১২০টি রারের ওজন ১২ কেজি।
গাড়িচালক মোহাম্মদ ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমার স্যার (মালিক) আলমগীর সাহেবের বন্ধুর গাড়ি এটি। এই গাড়িটি ঢাকা থেকে আরেক চালক চট্টগ্রামে নিয়ে আসেন। ওই চালক অসুস্থ হয়ে পড়ায় আমি স্যারের (মালিক) নির্দেশে গাড়িটি চালিয়ে ঢাকায় যাচ্ছিলাম। আর যার কাছে যাচ্ছিলাম তিনিও আমার স্যারের বন্ধু। তাঁর নামও আলমগীর। কিন্তু গাড়ির ভেতরে কী আছে সেটা আমি জানতাম না।’
গাড়ি থেকে গ্রেপ্তার জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি রিয়াজউদ্দিন বাজারের একটি দোকানে কাজ করি। আমাকে ঢাকায় যেতে বলা হয়েছে। তাই যাচ্ছিলাম। আসলে গাড়ির ভেতরে কী ছিল সেটা আমার জানা ছিল না।’
বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘১২ কেজি স্বর্ণ আটকের ঘটনায় আমরা বিশেষ ক্ষমতা আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। এই ঘটনায় আরও রাঘব-বোয়ালরা জড়িত। তদন্তে তাঁদের নাম বেরিয়ে আসবে বলে আশা করছি। তখন তাঁদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’