গাড়ির ধাক্কায় আহত পথচারীকে তুললেন চালক, লাশ ফেলে গেলেন রাস্তার পাশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথচারীকে ধাক্কা দেওয়ার পরই থেমে গেল গাড়িটি। চালক দ্রুত নেমে সেই পথচারীকে গাড়িতে তুলে নিলেন। ওই স্থানে থাকা লোকজন ভাবল, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এর কিছুক্ষণ পর ওই ব্যক্তির লাশ পাওয়া গেল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তায়।
নিহত ব্যক্তির নাম আবদুস সাত্তার (৪৫)। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর সিভিল কর্মচারী। গতকাল সোমবার সকালে রাজধানীর বিমানবন্দর সড়কের ফ্যালকন টাওয়ারের সামনে তাঁকে ধাক্কা দেয় গাড়িটি। পুলিশের ধারণা, গাড়িতে তোলার পর সাত্তার মারা গেছেন। এ কারণে ভয়ে চালক হাসপাতালে না নিয়ে রাস্তার পাশে লাশ ফেলে পালিয়েছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে শাহীনবাগ এলাকায় ফ্যালকন টাওয়ারের সামনে রাস্তা পারাপারের সময় সাদা রঙের একটি গাড়ি সাত্তারকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন তিনি। চালক দ্রুত গাড়ি থামিয়ে সাত্তারকে গাড়িতে তুলে নেন। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের রাস্তায় সাত্তারের লাশ ফেলে চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পুলিশ খবর পেয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, ঘটনাস্থলে থাকা লোকজন ভেবেছিল, ওই গাড়িচালক হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাত্তারকে গাড়িতে তুলেছেন। নিহত সাত্তারের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার উত্তর সোনাপুর এলাকায়।