গাড়ির ধাক্কায় স্ত্রীকে হত্যা কনস্টেবলের?
মানিকগঞ্জে মুরাদ হোসেন (৪৫) নামের এক কনস্টেবল পিকআপ ভ্যানের ধাক্কায় নিজের স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সদরের গিলণ্ড এলাকায় গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শামিম আরা (৪০) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার শ্যামনগর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। মুরাদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামে। তিনি মানিকগঞ্জ সদরের গিলণ্ড পুলিশ ফাঁড়ির পিকআপ ভ্যানের চালক।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ২০ বছর আগে মুরাদের সঙ্গে শামিম আরার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই মেয়ে আছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে দায়িত্ব পালন শেষে মুরাদ পুলিশের পিকআপ ভ্যান নিয়ে গিলণ্ড এলাকায় ভাড়া বাসায় যান। এ সময় বাড়ির মূল ফটকের তালা খুলে দেন শামিম আরা। গাড়ির ধাক্কায় সীমানাপ্রাচীর ধসে শামিমার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
লাশ দাফনের জন্য অ্যাম্বুলেন্সে করে মুরাদ টাঙ্গাইলে নিজের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। খবর পেয়ে সকাল সাতটার দিকে মানিকগঞ্জের ঘিওর-দৌলতপুর সড়কের শ্যামনগর এলাকায় শামিমার লাশবাহী অ্যাম্বুলেন্স থামান নিহত ব্যক্তির স্বজনেরা। এ সময় তাঁরা লাশের ময়নাতদন্তের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন। এরপর পাশেই শামিমার বাবার বাড়িতে তাঁর লাশ নেওয়া হয়।
খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ পর্যায়ে মুরাদ সেখান থেকে চলে যায়।
শামিম আরার ভাই মাসুদ রানা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকাপয়সা এনে দেওয়ার জন্য তাঁর বোনকে মুরাদ মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। প্রায় দুই বছর আগে বোনকে মুরাদ মারধর করে বাড়ি থেকে বের করে দেন। বাড়িতে এনে বোনকে সুস্থ করা হয়। পরে জমি বন্ধক রেখে ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ঋণ করে মুরাদকে সেই টাকা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, টাকাপয়সার জন্য মুরাদ আরেকটি বিয়ে করেছেন। পথের কাঁটা দূর করতেই তিনি গাড়ির ধাক্কা দিয়ে শামিমাকে হত্যা করেছেন। এ ঘটনায় তাঁরা রোববার (আগামীকাল) আদালতে মামলা করবেন।
এ ব্যাপারে কথা বলার জন্য মুরাদ হোসেনের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, গাড়ির ধাক্কায় দেয়াল ধসে ওই নারীর মৃত্যু হয়েছে। এটি দুর্ঘটনা। তবু বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।