গাড়ির ভেতর বিপুল পরিমাণ ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা এলাকায় আজ বৃহস্পতিবার একটি গাড়ি (জিপ) থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

২ বর্ডার গার্ড বাংলাদেশের টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা শহর থেকে যাত্রীবাহী গাড়িটি উপজেলার হ্নীলা এলাকায় যাচ্ছিল। হ্নীলা এলাকার লেদা এলাকায় পৌঁছার পর সীমান্ত চৌকিতে দায়িত্বরত বিজিবির সদস্যরা গাড়ি থামিয়ে তাতে তল্লাশি চালান। তখন গাড়ির ভেতরে একটি পলিথিনের ব্যাগের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, ওই গাড়িতে ১৫-২০ জন যাত্রী ছিলেন। ওই ব্যাগের মালিকানা বিষয়ে তাঁদের প্রায় ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ব্যাগটির মালিকানা নিশ্চিত করা যায়নি। তাই কাউকে আটক করা হয়নি। ইয়াবাগুলো ব্যাটালিয়নের সদর দপ্তরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তা ধ্বংস করা হবে।