গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে শরীরের আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ (৩৫) মারা গেছেন। গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জে বাবার বাড়িতে তাঁর মৃত্যু হয়।
থানা-পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর চাচাতো ভাই ও স্থানীয় একজন পল্লিচিকিৎসক ওই গৃহবধূকে বিভিন্ন সময় ধর্ষণ করেন। গত শুক্রবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূর ছোট মেয়ে (১৩) ঘটনাটি দেখে ফেলে। এতে লজ্জায় তিনি রাতেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার চিকিৎসকেরা ছাড়পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। কিন্তু অর্থাভাবে পরিবারের সদস্যরা তাঁকে বাবার বাড়িতে নিয়ে যান। সেখানে গতকাল দুপুরে তিনি মারা যান।
ওই গৃহবধূর স্বামী বলেন, ‘টাকার অভাবে আমার স্ত্রীকে উন্নত চিকিৎসা করাতে পারিনি। যাদের কারণে আমার স্ত্রী আত্মহত্যা করেছেন, যারা আমার চার সন্তানকে মাতৃহারা করেছে, আমি তাদের বিচার চাই।’
ইন্দুরকানি থানার ওসি এ কে এম মিজানুল হক বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গত মঙ্গলবার রাতে তাঁর স্বামী বাদী হয়ে দুজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।