স্বামী তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করায় ছালেহা বেগম (৩২) নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল সোমবার সকালে রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামে এ ঘটনা ঘটে।
ছালেহা বেগম চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজার এলাকার ৬ নম্বর ওয়ার্ডের চর আবাবিল গ্রামের লোকমান গাজীর সাবেক স্ত্রী। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ছালেহা বেগমের সঙ্গে একই এলাকার লোকমান গাজীর প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। কয়েক বছর ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস বৈঠকও হয়। একপর্যায়ে স্ত্রী ছালেহা ঢাকাতে গিয়ে চাকরি শুরু করেন। ২০১৬ সালের ডিসেম্বর মাসে স্বামী লোকমান তাঁর স্ত্রী ছালেহা বেগমকে আদালতের মাধ্যমে তালাক দেন।
লোকমান গাজী বলেন, ছালেহাকে তালাক দিয়ে তিনি দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছেন। ছালেহা ১০-১২ দিন আগে তাঁদের গ্রামের ঘরের দরজা ভেঙে সেখানে বাস করতে শুরু করেন। গতকাল ভোরে তিনি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে বাড়ির লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ঘটনার সময় তিনি (লোকমান) বাড়িতে ছিলেন না।
রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া ইয়াসমিন বলেন, ছালেহা বেগমের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সহিদ উল্যা বলেন, তালাক দেওয়ার বিষয়টি স্ত্রী ছালেহা বেগম মেনে নিতে পারেননি। এ জন্য তিনি স্বামীর ঘরে এসে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ছালেহা বেগম তাঁর গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে আবার নিজেই গায়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।