গায়ের রং কালো বলে স্ত্রীকে পিটিয়ে হত্যা!
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ কুমিল্লি গ্রামে শাপলা খাতুন (২২) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ওই নারীর গায়ের রং কালো হওয়ার অজুহাতে গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বামী গোলজার হোসেন তাঁকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় লোকজন গোলজারকে আটক করে পুলিশে দিয়েছেন।
স্থানীয় লোকজন ও শাপলা বেগমের পরিবার জানায়, প্রায় চার বছর আগে হান্ডিয়াল ইউনিয়নের সিদ্দিনগর গ্রামের মোজাহার হোসেনের মেয়ে শাপলার সঙ্গে পারিবারিকভাবে গোলজারের বিয়ে হয়। তাঁদের একটি আট মাস বয়সী ছেলেও আছে। কিন্তু শাপলার গায়ের রং কালো হওয়ায় বিয়ের পর থেকেই স্বামী তাঁকে বিভিন্নভাবে কটাক্ষ করতেন। কথায় কথায় তালাক দিতে চাইতেন। গত বুধবার রাতেও গোলজার একই বিষয় নিয়ে শাপলাকে কটাক্ষ করতে থাকেন ও তালাক দেওয়ার কথা বলেন। এ সময় শাপলা প্রতিবাদ করলে গোলজার তাঁকে বেদম পেটান। এর জের ধরে গতকাল দুপুরেও দুজনের মধ্যে কলহ শুরু হয়। একপর্যায়ে গোলজার আবার মারধর শুরু করলে ঘাড়ে আঘাত লেগে ঘটনাস্থলেই শাপলা মারা যান। এ সময় গোলজার পালানোর চেষ্টা করলে প্রতিবেশীরা তাঁকে ধরে পুলিশে দেন।
শাপলার চাচাতো ভাই সুজন হোসেন বলেন, দুই পরিবারের মুরব্বিদের ইচ্ছায় তাঁদের বিয়ে হয়েছিল। কিন্তু শাপলার গায়ের রং কালো বলে গোলজার তাঁকে পছন্দ করতেন না। খুব কষ্টে সংসারটা টিকে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, সুরতহালে মেয়েটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে আটক করে থানা-হাজতে রাখা হয়েছে এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।