চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় খ্রিষ্টানদের একটি গির্জায় ডাকাতি, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গির্জার নিরাপত্তারক্ষী ও এক সিস্টারকেও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতেরা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ও একটি এয়ারবন্দুকসহ অন্যান্য সামগ্রী লুট করে। এ ঘটনায় গতকাল রোববার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে দামুড়হুদা থানায় মামলা হয়েছে।
গির্জার সঙ্গে যুক্ত কয়েক ব্যক্তির ভাষ্য, কার্পাসডাঙ্গায় দুটি গির্জার একটি ‘পরম পবিত্র যিশুর হৃদয়ের গির্জা’য় ওই ডাকাতি হয়। গির্জাটির পুরোনো প্রাচীর ভেঙে নতুন করে তৈরির কাজ চলছে। মুখোশ পরা ১৪-১৫ জন ডাকাত প্রাচীরের ভাঙা অংশ দিয়ে গির্জাটিতে ঢোকে।
নিরাপত্তারক্ষী প্রান্তস মণ্ডল বলেন, রাত দুইটার দিকে ডাকাত দল গির্জায় ঢুকে তাঁর হাত ও চোখ বেঁধে ফেলে। সঙ্গে নিয়ে ভবনের দোতলায় ফাদারের কক্ষে যায়। তালা ভেঙে কক্ষে ঢুকে ৩ লাখ ৩২ হাজার টাকা ও একটি মুঠোফোন লুট এবং জিনিসপত্র ভাঙচুর করে। এরপর সিস্টারদের থাকার স্থান ‘শান্তিরানী কনভেন্টে’ নিয়ে যায় তাঁকে। এ সময় তাঁকে শাবল ও লাঠি দিয়ে মারধর করে কনভেন্টের সামনে বাগানে ফেলে দেয় তারা। ডাকাতির সময় ফাদার অরুণ অ্যান্থনি হালসনা ঢাকায় ছিলেন।
সিস্টার জয়া রিবেরুর ভাষ্য, কনভেন্টের একটি কক্ষে তিনি ও অন্য একটি কক্ষে সিস্টার লিমা গোমেজ ও মারিয়া দাস ঘুমিয়ে ছিলেন। ডাকাতেরা বারান্দার গ্রিল ভেঙে কনভেন্টে ঢোকে। এরপর শৌচাগারের দরজা ভেঙে তাঁর (জয়া রিবেরু) কক্ষে ঢুকে আলমারি থেকে ২ লাখ টাকা, একটি মুঠোফোন, টর্চলাইট ও পোশাক লুট করে।
সিস্টার মারিয়া দাস বলেন, দরজা খুলতে দেরি হওয়ায় শাবল দিয়ে সেটি ভেঙে ডাকাতেরা ভেতরে ঢুকে তাঁর ৫ হাজার টাকা ও লিমা গোমেজের ৬০০ টাকাসহ পোশাক নিয়ে যায়। লিমা গোমেজ বলেন, গির্জার প্রার্থনাকক্ষ খুলতে অপারগতা জানালে এক ডাকাত তাঁকে চড়-থাপড় দেয়। পরে প্রার্থনাকক্ষের সিন্দুক ভেঙে ৫ হাজার টাকা লুট করে ও ভাঙচুর চালায়।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার রশীদুল হাসান বলেন, ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
প্রসঙ্গত, তিন বছর আগেও সংঘবদ্ধ ডাকাত দল এই গির্জায় হানা দিয়েছিল। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পড়ায় সে সময় কিছু লুট করতে পারেনি তারা।