গুঁড়িয়ে দেওয়া হয়েছে দুটি সোনার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নাটোর শহরের পিলখানা মহল্লার প্রিয়াঙ্কা জুয়েলার্স ও রাফাত জুয়েলার্স নামের দুটি দোকানঘর গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের ভাড়াটে ক্যাডার বাহিনী। পুলিশ প্রশাসনের কাছে ধরনা দিয়েও সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
নাটোর সদর সহকারী জজ আদালত ও পিলখানা এলাকার ব্যবসায়ী সূত্র জানায়, শহরের পিলখানা ১২ নম্বর হোল্ডিংয়ের ২৪ নম্বর দাগের ২ শতাংশ জমির ওপর নির্মিত ভবনের দুটি কক্ষ আশরাফ আলী ও অপর এক ব্যক্তি মাসিক ভাড়া নিয়ে রাফাত জুয়েলার্স ও প্রিয়াঙ্কা জুয়েলার্স চালু করেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা সেখানে ব্যবসা চালিয়ে আসছেন। সম্প্রতি ওই ভবনের মালিক তপন রায় ভাড়াটেদের না জানিয়ে ভবনটি নিত্যানন্দ কর্মকারের কাছে বিক্রি করে দেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে ভাড়া নিয়ন্ত্রণ আইনে আদালতে দুটি মামলা করেন। পাশাপাশি এ ব্যাপারে সদর সহকারী জজ আদালতেও একটি মামলা করেন। শুনানি শেষে আদালত প্রতিপক্ষের বিরুদ্ধে স্থিতাবস্থার নির্দেশ দেন। এরপরও নিত্যানন্দ কর্মকার লোকজন দিয়ে গত রোববার ওই ভবন ভেঙে ফেলতে শুরু করেন। নিরুপায় হয়ে আশরাফ আলী জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দোকানঘর ভাঙা বন্ধ রাখার ব্যবস্থা নেওয়ার আবেদন করেন। তাঁদের কাছে প্রতিকার না পেয়ে তিনি তাৎক্ষণিক সদর সহকারী জজ আদালতের শরণাপন্ন হন। তিনি আইনজীবীর মাধ্যমে দোকানঘর দুটি ভাঙার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত শুনানি শেষে তাৎক্ষণিকভাবে দোকান দুটি না ভেঙে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এই নির্দেশনার পরোয়ানা জারিকারকের মাধ্যমে রোববার দুপুরে নিত্যানন্দ কর্মকারের কাছে পৌঁছানো হয়। কিন্তু তিনি তারপরও গতকাল সোমবার পর্যন্ত ঘর দুটি ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করেছেন।
আশরাফ আলী দাবি করেন, ‘কোনো নোটিশ ছাড়াই ভবন দুটি ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুটপাট করেছে নিত্যানন্দ কর্মকারের ভাড়াটে ক্যাডাররা। আমরা বাধা দিতে গেলে প্রাণনাশের উদ্যোগ নেয়।’
তবে নিত্যানন্দ কর্মকার এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, ভবন ও জমি তাঁর কেনা। ভবনের উন্নয়নের জন্য তিনি লোক নিয়োগ করেছেন। ঘর ভাঙার ব্যাপারে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তিনি এ ধরনের কোনো নিষেধাজ্ঞার কাগজ পাননি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। তাই পুলিশের সেখানে কিছুই করার ছিল না।