গুচ্ছগ্রামবাসীর টাকা আত্মসাতের পাঁয়তারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার ৮১টি বাঙালি গুচ্ছগ্রামের ২৬ হাজার রেশনকার্ডধারীর সঞ্চিত অর্থ আত্মসাতে স্থানীয় প্রশাসন ও ক্ষমতাসীন দলের জেলার শীর্ষ নেতাদের পরিকল্পনা ও গুচ্ছগ্রামভিত্তিক প্রকল্প সভাপতি নিয়োগে ঘুষ-বাণিজ্যের অভিযোগ তুলেছে খাগড়াছড়ি জেলা বিএনপি। মঙ্গলবার খাগড়াছড়ি সদরের কলাবাগানের একটি ক্লাবে জেলা বিএনপি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, জেলার ৮১টি বাঙালি গুচ্ছগ্রামের প্রকল্প সভাপতিরা রেশন কার্ডধারীদের ওজনে কম ও পচা চাল রেশন হিসেবে সরবরাহ করছে। আর এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাদের যোগসাজশ রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গুচ্ছগ্রামের প্রকল্প সভাপতি নিয়োগে ক্ষমতাসীন দলের নেতারা প্রতি সভাপতি পদে দুই লাখ টাকা ঘুষ নিচ্ছেন।
জেলা বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে দীঘিনালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ পাভেল জানান, প্রতিটি গুচ্ছগ্রামে একটি সঞ্চয় সমিতি রয়েছে। এটি গঠনের পর থেকে একটি সাংগঠনিক কাঠামোর মধ্যে চলে। তাই যে কেউ এই টাকা আত্মসাৎ করার সম্ভাবনা নেই।