গুদাম কর্মকর্তার বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলা গুদাম কর্মকর্তার বিরুদ্ধে জেলেদের ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন গুদামে অভিযান চালায়। এ সময় চালের বস্তা পরিমাপ করে দেখা যায় ওজনে কম ।
নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় সরকার জেলেদের মার্চ থেকে জুন পর্যন্ত সহায়তা দেয়। এ সময় কার্ডধারী জেলেরা প্রতি মাসে ৪০ কেজি করে চাল পাবেন।
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম, সচিব হোসেন মাহমুদ ও ইউপি সদস্যরা বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জেলেদের ভিজিএফের চাল নেওয়ার জন্য তাঁরা ট্রাক নিয়ে গুদামে যান। চালের বস্তার ওজন ৫০ কেজি হওয়ার কথা। কিন্তু চাল দেওয়ার সময় গুদাম কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্যাহ ৫০ কেজির বস্তাগুলো ৫২-৫৪ কেজি হিসাবে ধরে ট্রাকে ভরছেন। এর প্রতিবাদ করলে তিনি তাঁদের ‘চোর’ বলেন ও অসদাচরণ করেন।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মৃধা মো. মোজাহিরুল ইসলাম এসে বাইরে থেকে ডিজিটাল নিক্তি আনেন। চালের বস্তাগুলো মেপে দেখা যায়, কোনো বস্তায় ৫০ কেজি আর কোনো বস্তায় ৫০ কেজির কম চাল। ইউএনও গুদাম কর্মকর্তা ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে সতর্ক করে দেন এবং নিক্তি (মাপার যন্ত্র) ঠিক করতে বলেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তৈয়বুর রহমান নিক্তি সংস্কারের আশ্বাস দেন।
ইউএনও এরপর চেয়ারম্যান ও সচিবদের চাল বুঝে নেওয়ার পরামর্শ দেন। তবে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রতিবার ২ থেকে ১০ টন চাল কম দেওয়া হচ্ছে বিকল নিক্তির অজুহাতে। সেটি সংস্কার করছে না। তাঁরা গুদাম কর্মকর্তার অপসারণ দাবি করেন।
পূর্ব ইলিশা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল আলম বলেন, গত বৃহস্পতিবার ১ হাজার ১০০ বস্তা (৫৫ মেট্রিক টন) চাল নেওয়ার পরে তিনি মেপে দেখেন ৫ টন চাল কম দেওয়া হয়েছে।
সদর গুদাম কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্যাহ বলেন, বিভিন্ন গুদামের কর্মকর্তার কাছে চেয়ারম্যানরা চাল বিক্রি করেন। ভোলা সদরের গুদামেও চেয়ারম্যানরা চাল বিক্রি করে যেতে চান। কিন্তু তিনি চাল কেনার প্রস্তাবে রাজি হননি। এ জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন। ভোলায় ইউপির চেয়ারম্যানরা জেলেদের পাওনা চালের সব না তুলে চাল বিতরণ শুরু করেছেন। ওই কম চালই সবার মধ্যে বণ্টন করবেন। পরে বাকি চাল তুলে বিক্রি করা হবে।
ইউএনও মোজাহিরুল ইসলাম বলেন, জনগণের চাল বুঝিয়ে দিতে ও বুঝে নিতে উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ রকম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।