গুদাম থেকে সোনা উদ্ধারের মামলায় অভিযোগপত্র
চট্টগ্রামে একটি গুদাম থেকে সোনার বারসহ ২০ কেজি অলংকার উদ্ধারের মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবিরের আদালতে অভিযোগপত্রটি জমা দেন নগর ডিবির পরিদর্শক কেশব চক্রবর্তী।
আসামিরা হলেন: এসি মেলা গুদামের মালিক জসিম উদ্দিন, ফরিদ আলম ও ভবতোষ বিশ্বাস, ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, জসিমের ভাই এমরান খান, কর্মচারী মো. শোয়েব ও গাড়িচালক মো. রুবেল এবং সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আবু তাহের ও ফজলুল হক। এদের মধ্যে এমরান, শোয়েব ও গিয়াস ছাড়া বাকিরা পলাতক। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী রাখা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান প্রথম আলোকে বলেন, গুদাম থেকে সোনা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা ও শুল্ক আইনে করা মামলায় তদন্ত শেষে নয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। কাল বুধবার পূর্বের ধার্য করা দিনে অভিযোগপত্রটি গ্রহণের বিষয়ে শুনানি হবে আদালতে।
গত বছরের ৮ এপ্রিল রাতে নগরের সদরঘাট এলাকার পশ্চিম মাদারবাড়িতে এসি মেলা নামের একটি গুদামে অভিযান চালিয়ে ১৪ কেটি ওজনের ১২০ টি সোনার বার, পাঁচ কেজি ৮০০ গ্রাম ওজনের অলংকারসহ ২০ কেজি সোনা উদ্ধার করে পুলিশ।