গুনে গুনে ঘুষ নেওয়া শহিদুলের সম্পদের খোঁজে দুদক
প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের ঢাকা শাখার নিয়ন্ত্রক (সিসিআইই) শহিদুল হকের সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ইতিমধ্যে এ ব্যাপারে অনুসন্ধানের অনুমোদন দিয়েছে কমিশন।
গতকাল সোমবার দুদকের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত কের বলেন, শিগগিরই অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। অনুসন্ধানের অংশ হিসেবে শহিদুল হকের ব্যাংক হিসাবসহ সম্পদের তথ্য সংগ্রহ করবে। সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠিয়ে এসব তথ্য নেওয়া হবে। পরবর্তী সময়ে শহিদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হবে।
‘গুনে গুনে ঘুষ খান তিনি’ শীর্ষক একটি প্রতিবেদন ৮ অক্টোবর প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হওয়ার পর ১০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত সংস্থা সিসিআইইয়ের এ কর্মকর্তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করে মন্ত্রণালয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছে।
শহিদুল হক ১৯৮৫ সালে বিসিএস বাণিজ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরি শুরু করেন। সিসিআইইর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, ট্যারিফ কমিশন ও রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শৃঙ্খলাবহির্ভূত কর্মকাণ্ডের কারণে চাকরিজীবনে একাধিকবার তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজড) হন শহিদুল হক।