গুপ্তধনের জন্য শিক্ষক খুন?
কষ্টিপাথরের মূর্তিসহ গুপ্তধন না পেয়ে পরিকল্পিতভাবে বরিশালের উজিরপুর উপজেলা সদরের ডব্লিউবি ইনস্টিটিউশনের (উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়) সহকারী শিক্ষক বিপুল কৃঞ্চ চক্রবর্তীকে (৫৮) হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গত শনিবার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিদ্যালয় পরিচালনা কমিটি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত বিপুল কৃষ্ণ চক্রবর্তীর পালক মেয়ে কল্পনা রানী বেপারী বলেন, হামলাকারীরা হামলার আগে তাঁর বাবার কাছে জানতে চায় মূর্তিসহ গুপ্তধন কোথায় আছে। তিনি বারবার জানি না বলায় তারা ক্ষিপ্ত হয়ে পিটিয়ে ও কুপিয়ে তাঁকে হত্যা করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই শিক্ষকের কয়েকজন সহকর্মী বলেন, কিছুদিন ধরে বিপুল কৃঞ্চকে প্রায়ই চিন্তিত থাকতে দেখা গেছে। এ সময় কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, কিছু লোক তাঁর কাছে মূর্তিসহ গুপ্তধন চেয়ে হুমকি দিচ্ছে। তবে কারও নাম বলেননি তিনি।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, কষ্টিপাথরের মূর্তিসহ মূল্যবান গুপ্তধনই হত্যাকাণ্ডের কারণ হতে পারে। এর সূত্র ধরেই তদন্তকাজ চলছে।
নিহত শিক্ষকের ছোট ভাই আশুতোষ চক্রবর্তী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ শনিবার আন্তজেলা মূর্তি পাচারকারী দলের সদস্য ও মুণ্ডপাশা গ্রামের কাওসার মল্লিক (২৫), শিকারপুর গ্রামের আরিফ হোসেন (৩০) ও ধামসর গ্রামের আমির হাওলাদারকে (৩৫) গ্রেপ্তার করেছে।
এদিকে ঘটনার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উজিরপুরে বিক্ষোভ-সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে।
ডব্লিউবি ইনস্টিটিউশনের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ শিকদার বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সর্বস্তরের পক্ষ থেকে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের পর স্মারকলিপ দেওয়া হবে।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, শিগগির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে।
প্রসঙ্গত, গত শুক্রবার রাতে বিপুল কৃষ্ণ চক্রবর্তী উপজেলার তাঁরাবাড়ি িশবমন্দিরের ধর্মীয় সভা থেকে নিজ বাড়ি মাদারসী গ্রামে ফেরার পথে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।
এ সময় তাঁর মেয়ে কল্পনা রানী বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁকেও পিটিয়ে জখম করে। পরে দুজনকে বাড়ির ভেতরে নিয়ে চোখ, হাত ও পা বেঁধে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে নির্যাতন করা হয়। এতে বিপুল কৃষ্ণ চক্রবর্তী নিহত হন।