গুম-অপহরণও জঙ্গিবাদের মতো ভয়াবহ অপরাধ
গুম-অপহরণ জঙ্গিবাদের মতোই একটি ভয়াবহ অপরাধ বলে মন্তব্য করেছেন গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত এক আলোচনা সভায় সৈয়দ আবুল মকসুদ এই মন্তব্য করেন। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস-২০১৬ উপলক্ষে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি এই আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় কমিটির সদস্য সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘গুম-অপহরণ এটি জঙ্গিবাদের মতোই একটি ভয়াবহ অপরাধ। সুতরাং যদি জঙ্গিবাদ দমন করতে চাই তাহলে এ ধরনের মানবতাবিরোধী অপরাধকেও আগে দমন করতে হবে। গুমকে আমরা সহ্য করব, কিন্তু জঙ্গিবাদের বিরুদ্ধে বলব—এতে কোনো লাভ হবে না। সুতরাং বাংলাদেশে যদি আমরা আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবাধিকার রক্ষা করতে চাই তাহলে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। আমরা জঙ্গিবাদকেও দমন করব, গুম-খুন অপহরণ এ জিনিসগুলো সম্পর্কেও আমাদের অত্যন্ত বলিষ্ঠভাবে প্রতিবাদ করতে হবে।’
কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার বিচার রুখতে ইমডেমনিটি অধ্যাদেশের পর ২০০৩ সালে যৌথ অভিযান দায়মুক্তি আইন পাস করে। ২০০২ এর অক্টোবর থেকে ২০০৩ সালের জানুয়ারি পর্যন্ত তিন মাসের তথাকথিত যৌথবাহিনীর অভিযানের দায়মুক্তি দিতে।...এ রকম দায়মুক্তি দিয়ে আমার জানামতে বিশ্বে গত ৫০ বছরে কোনো সংসদ আইন পাস করে নাই। আইনশৃঙ্খলা বাহিনী আইনবহির্ভূত কাজে ওই যে শুরু, তারপর আমরা সবাই জানি-র্যাব আসল, ২১ আগস্ট হামলা হলো, তার কোনো বিচার হলো না। সেখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে, গুম তার একটি দিক। অর্থাৎ আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনী ২০০৩ সালে সংসদে পাস করা আইনের ভিত্তি ধরে আইনের বাইরে যে চলে গেছে, ওইরকম চলে গিয়ে দুনিয়ার কোনো দেশের কখনো ভালো হয় নাই।’
গুম হওয়া থেকে সমস্ত ব্যক্তির সুরক্ষার জন্য ২০০৬ সালের আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করার আহ্বান জানিয়ে শাহদীন মালিক বলেন, এই গুমের জন্য বিশেষ আইন তৈরি করতে হবে। সরকারকে এবং রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনী আইন মেনে যারা বেআইনি কাজ করছে তার প্রতিরোধ করবে। আইনশৃঙ্খলা বাহিনী যখন বেআইনিভাবে অপরাধীদের মতোই অপরাধ করে অপরাধ দমন করার চেষ্টা করে, সে সমাজে কিন্তু অপরাধ বাড়ে, সে সমাজে অপরাধ কমে না।
আয়োজকেরা জানান, জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট। সেদিন কর্ম দিবস হওয়ায় তিন তিন আগে গত তিন বছরের ধারাবাহিকতায় এবারের আয়োজন।
আলোচনা সভায় একটি ধারণাপত্র তুলে ধরেন কমিটির সদস্য জাকির হোসেন। গুমজনিত অপরাধ, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রসঙ্গে ধারণাপত্রে বলা হয়, ১৯৯২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য ঘোষণাপত্র গ্রহণ করে। এই ঘোষণার সূত্র ধরে গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ ২০০৬ সালে প্রণয়ন করা হয়, যা ২০১০ সাল থেকে কার্যকর হয়। এ পর্যন্ত ৯৩টি সদস্য রাষ্ট্র কনভেনশনে স্বাক্ষর করেছে, যার মধ্যে ৫০টি সদস্য রাষ্ট্র অনুসমর্থন দিয়েছে। বাংলাদেশ এখনো এটা অনুসমর্থন বা স্বাক্ষর কিছুই করেনি।
ধারণাপত্রে গুম হওয়া থেকে সব ব্যক্তির সুরক্ষার জন্য আন্তর্জাতিক সনদ ২০০৬ বাংলাদেশকে স্বাক্ষর ও অনুসমর্থনের দাবি জানানো হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবার যাতে ন্যায় বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ পায় সে জন্য পদক্ষেপ নিতে রাষ্ট্রকে আহ্বান জানানো হয়।
অন্যদের মধ্যে মৌলিক অধিকার সুরক্ষা কমিটির সদস্য নূর খান লিটন, সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও কুমিল্লা থেকে নিখোঁজ কাজী রকিবুল হাসান শাওনের বাবা কাজী আবদুল মতিন, বসুন্ধরা থেকে নিখোঁজ সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম, নিখোঁজ আবদুল কাদের মাছুমের মা আয়েশা আলী, খালিদ হাসান সোহেলের স্ত্রী শাম্মী সুলতানা ও নিজাম উদ্দিন মুন্নার বাবা মো. শামসুদ্দিন আলোচনা অংশ নেন। উপস্থিত ছিলেন নিখোঁজ হওয়া অন্তত ১৫ ব্যক্তির পরিবারের সদস্য।