গুম হওয়া আফছা জীবিত উদ্ধার
ছয় মাস আগে মেয়েকে হত্যা করে লাশ গুম করার অভিযোগে জামাতার বিরুদ্ধে মামলা করেছিলেন নরসিংদীর হালিমা বেগম। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ থেকে হালিমার মেয়ে আফছা বেগমকে (২২) জীবিত উদ্ধার করেছে।
মিথ্যা মামলা করার অভিযোগে হালিমা, আফছা ও আফছার বর্তমান স্বামী সেলিম রেজাকে আটক করেছে ডিবি।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় প্রথম আলোকে জানান, সম্প্রতি হত্যা ও গুম মামলার রহস্য উদ্ঘাটনে ডিবি পুলিশের সহায়তা চায় নরসিংদীর পুলিশ। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) মাহমুদা আফরোজার দলকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তের একপর্যায়ে ডিবি পুলিশ নিশ্চিত হয়, আফছাকে হত্যা করা হয়নি। রাজধানীর মগবাজারের পেয়ারাবাগে অবস্থান করছেন। নয় মাস আগে নরসিংদীর শিবপুরের মাছিমপুরের স্বামী হেলিম খানের বাড়ি থেকে রাজধানীতে পালিয়ে এসে তাঁর পূর্বপরিচিত সেলিমকে বিয়ে করেছেন।
তদন্তসংশ্লিষ্ট ডিবি কর্মকর্তারা জানান, গত বছরের ১৪ আগস্ট হালিমা বেগম তাঁর মেয়ে আফছাকে হত্যা ও গুম করার অভিযোগে আফছার স্বামী হেলিম খান, শ্বশুর-শাশুড়ি, দেবর ও ননদের বিরুদ্ধে নরসিংদীর শিবপুর থানায় মামলা করতে যান। কিন্তু থানা মামলা নেয়নি। পরে আদালতের নির্দেশে শিবপুর থানা মামলা নেয়।
এসি মাহমুদা আফরোজা জানান, আটক করার পর আফছা, তাঁর মা ও সেলিম রেজাকে নরসিংদীর শিবপুর থানায় সোপর্দ করা হয়েছে।