গুমের ধরন পাল্টেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর থেকে গত ১১ মে তিন সহোদরসহ পাঁচজন ‘গুম’ হয়েছিলেন। ৩ জুলাই আচমকা তাঁদের গ্রেপ্তার দেখানো হলো হবিগঞ্জের মাধবপুর থেকে। অভিযোগ ইয়াবা ব্যবসার। পরিবারের প্রশ্ন, দুই মাস আগে ভোর চারটায় মাইক্রোবাসে করে যারা তুলে নিয়ে গেল, তাহলে তারা কারা?

পাবনার ফরিদপুরের খাগড়বাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল করিম সরদার প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে টিক্কা সরদার (৩০), এরশাদ সরদার (২৫) ও সাদ্দাম সরদারকে (২০) গত ১১ মে ভোর চারটায় কালো পোশাকধারী একদল লোক এসে তুলে নিয়ে যায়। একই দিনে পাশের গ্রামের রনি প্রামাণিক (২৫) ও দুলাল হোসেন (৩৪) নামের আরও দুজনকে তুলে নেওয়া হয়। ইয়াবা ব্যবসার অভিযোগে তাঁদের গ্রেপ্তার দেখানো হলো কেন, সে নিয়ে অবশ্য তাঁদের স্বজনদের প্রশ্ন নেই। ছেলেদের হদিস পাওয়া গেছে, এতেই তাঁরা খুশি। জানা যায়, এই পাঁচজনের মধ্যে ফরিদপুর থানায় সাদ্দাম ও এরশাদের বিরুদ্ধে মারামারির মামলা ছিল।

একই ঘটনা ঘটেছে ফরিদপুরের ভাঙায়। গত ২৭ জুন ফরিদপুরের ভাঙ্গা থেকে রাধা শ্যাম মণ্ডল (৫৫), রবি দাস (২৮), সোহেল মাতুব্বর (২৫), জুয়েল মাতুব্বর (২৩), নূর হোসেন (২৮), সোহেল মিয়া (২২), ইসরাফিল (২৫) ও সহিদুলকে (২২) র‍্যাব-৮ লেখা কালো রঙের একটি গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে সোহেল ও জুয়েলকে এর আগে ২০১৪ সালে র‍্যাব পরিচয়ে ধরে নিয়ে গিয়ে সাত মাস পর ছেড়ে দেওয়া হয় বলে তাঁদের মা কোহিনূর বেগম প্রথম আলোকে বলেন। ওই আটজনের বিরুদ্ধে পরে ডাকাতি-চেষ্টার মামলা দেওয়া হয়েছে।

জাতিসংঘের ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স ২০০৬ অনুযায়ী, রাষ্ট্রীয় অনুমোদন, সাহায্য অথবা মৌন সম্মতিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, বিনা বিচারে আটক, অপহরণ অথবা অন্য যেকোনো উপায়ে ব্যক্তিস্বাধীনতা হরণ করা এবং আইনি রক্ষাকবচের বাইরে ওই ব্যক্তির নিয়তি বা অবস্থানের তথ্য গোপন রাখা হলে ধরে নিতে হবে ওই ব্যক্তি গুম হয়েছেন। জাতিসংঘ মানবাধিকার কমিশনের উদ্যোগে প্রতিবছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুমবিরোধী দিবস পালন করা হয়।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক নূর খান প্রথম আলোকে গতকাল সোমবার বলেন, ‘গুমের ধরন পাল্টেছে। পরিবার ও প্রত্যক্ষদর্শীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে স্বজনদের গুমের অভিযোগ করছেন। কোনো কোনো সময় তাঁদের লাশ উদ্ধার হচ্ছে। কখনো কখনো দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাঁদের বিরুদ্ধে মামলা হচ্ছে। আবার কখনো তাঁরা বাড়ি ফিরে আসছেন। এই সময়ে তাঁরা কোথায় থাকছেন, কে তাঁদের তুলে নিয়ে যাচ্ছে, তার সদুত্তর পাওয়া যাচ্ছে না।’

পুলিশ ও র‍্যাব বলছে, এসব লোকের অধিকাংশই নিজেদের নানা অপরাধের কারণে আত্মগোপনে থাকে, পরিবার-বিচ্ছিন্ন থাকে। ওই অবস্থায়ই তাদের যখন গ্রেপ্তার করা হয়, তখন পরিবার দাবি করে তাদের ধরে নিয়ে গেছে।

গত বছর (২০১৫ সাল) জাতীয় মানবাধিকার কমিশনে মোট ১৫টি গুমের অভিযোগ করা হয়। কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক গতকাল প্রথম আলোকে বলেন, এর মধ্যে কটি অভিযোগের নিষ্পত্তি হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। গুম নিয়ে কমিশনের পর্যবেক্ষণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গুম হচ্ছে। কিন্তু গুমটা কী কারণে হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। গুম হওয়ার কিছুদিন পর কোনো একটি ঘটনায় গ্রেপ্তার বা সংশ্লিষ্টতা দেখিয়ে তাঁদের জনসমক্ষে আনা হচ্ছে, এ বিষয়ে রিয়াজুল হক বলেন, এটা একটা চিন্তার বিষয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির পক্ষে যাচ্ছে না। গুম নিয়ে কমিশন খুবই সচেতন ও সজাগ রয়েছে বলে জানান তিনি।

আসকের গত তিন বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, এ বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭০ জন গুম হন। তাঁদের মধ্যে ১৮ জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়, আটজনের লাশ পাওয়া যায়, ফিরে আসেন তিনজন। ২০১৫ সালে ৫৫ জন গুম হন। পরে তাঁদের সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়, পাঁচজন ফিরে আসেন, লাশ উদ্ধার হয় আটজনের। এর আগের বছর ২০১৪ সালে ৮৮ জন গুম হন। তাঁদের ২৩ জনের লাশ উদ্ধার হয়, ১২ জনকে ছেড়ে দেওয়া হয়, গ্রেপ্তার দেখানো হয় একজনকে।

ডিবি পরিচয়ে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে খুলনার তিন তরুণের বিরুদ্ধে। নিখোঁজ থাকার পর তাঁদের যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার দেখানো হয়। ১২ মে খুলনার বৈকালী বাজার থেকে মো. আবদুল্লাহ আল সাঈম (তূর্য), মো. শোয়াইব বিশ্বাস ও মো. মনিরুল ইসলাম (বাবু) নামের ওই তিন তরুণকে গোয়েন্দা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। সংবাদ সম্মেলন করে ওই অভিযোগ তোলেন তিন তরুণের বাবা যথাক্রমে মো. শহিদুল ইসলাম, মাসুদুর রহমান ও আবদুস সাত্তার।

আবদুল্লাহ আল সাঈমের বাবা শহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা ও অগ্রণী ব্যাংকের সাবেক কর্মকর্তা। তিনি প্রথম আলোকে বলেন, ‘কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক পরিচয় দিয়ে আমার ছেলেকে তুলে নিয়ে যান। এ সময় মাইক্রোবাসের গায়ে জরুরি বিদ্যুৎ লেখা স্টিকার লাগানো ছিল।’ বাকি দুজনকে একই দিনে তুলে নেওয়া হয়। যাঁরা তুলে নিয়ে যান, তাঁদের কোমরে পিস্তল ও ওয়্যারলেস সেট ছিল। মাস খানেক পরে তাঁদের যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার দেখানো হয়। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে।

গত ২১ জুন যশোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও এমএম কলেজ মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান সাগরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এখন পর্যন্ত তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এসব বিষয়ে জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ যখন কাউকে গ্রেপ্তার করে, তখনই তাঁকে তুলে নিয়ে আসে। সে ক্ষেত্রে নির্দিষ্ট আইন অনুযায়ীই তাঁদের ধরে আনা হয় এবং নিয়ম অনুযায়ী তাঁদের আদালতে সোপর্দ করা হয়। পরিবারের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ঘটনা নির্দিষ্ট করে বললে এ বিষয়ে সঠিকভাবে উত্তর দেওয়া সম্ভব হবে।

রমজান আলীকে (৪০) রাঙ্গুনিয়া থেকে ২১ এপ্রিল এবং ঢাকার হাজারীবাগ থেকে দুলাল হোসেন ও সুরুজ হোসেন নামের দুই ব্যক্তিকে ২২ মে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ২৭ মে সংবাদ সম্মেলন করে র‍্যাব-৩ জানায়, তাঁদের পল্টন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে-পরে যাঁরা গুম হয়েছিলেন, তাঁদের বড় অংশের খোঁজ পাওয়া যায়নি। ২০১৩ সালের ৪ ডিসেম্বর এক দিনে আটজনকে দুই দফায় র‍্যাব পরিচয়ে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যাওয়া হয়। দুই বছর অপেক্ষার পর এ বছরের ৩ মার্চ সাজেদুল ইসলাম সুমনের স্বজনেরা হাইকোর্টে রিট করেন। বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হুসেইন ও বিচারপতি এ কে এম শহিদুল হকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দেওয়ার নির্দেশ দেন। কালো পোশাকে ও র‍্যাব-১ লেখা মাইক্রোবাসে করে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সাজেদুল ইসলামের আটক, অপহরণ ও নিখোঁজ হওয়া কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত হবে না, তা জানতে চেয়ে বিচারপতিরা রুল জারি করেন।

সাজেদুল ইসলামের বোন সানজিদা ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আমার বৃদ্ধা মা, আমার বোন, আমরা তিন দিন র‍্যাব-১-এর সামনে দাঁড়িয়ে থেকেছি। আমার মা কাঁদতে কাঁদতে অস্থির। প্রথমে ঢুকতেই দেয়নি। পরে আমরা কথা বলার সুযোগ পাই। আজ দুই বছর সাত মাস ধরে তারা একই কথা বলে যাচ্ছে। তারা জানে না। অথচ সবার সামনে বেধড়ক পিটিয়ে আমার ভাইদের গাড়িতে তোলা হয়েছিল।’

২০১৪ সালে র‍্যাবের ভৈরব ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর সাকিব সিদ্দিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়ায় নির্যাতনে নিহত শাহনূর আলমের ভাই মেহেদি হাসান। মেহেদি হাসান প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই শাহনূর আলমের বিরুদ্ধে বাংলাদেশের কোথাও কোনো মামলা ছিল না। ইতালি যাওয়ার জন্য শাহনূরের বোনজামাই মো. আসানূর আলম এক ব্যক্তিকে ৭ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলেন। ওই টাকা ফেরত না দেওয়ায় আসানুর ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। তিনিও নবীনগর ও রামপুরায় শাহনূরের বিরুদ্ধে মামলা করেন। ব্যক্তিগত রেষারেষির একপর্যায়ে র‍্যাব একটি পক্ষের হয়ে শাহনূরকে নির্যাতন করে মেরে ফেলে।’ এখনো ওই মামলার বিচার হয়নি বলে তিনি জানান।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁদের গ্রেপ্তার করা হয় এবং আইন মেনেই তাঁদের নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়।

সনাতনী কায়দার গুমও বন্ধ হয়ে যায়নি। ছাত্রলীগের সাবেক নেতা শেখ মো. মোয়াজ্জেম হোসেনকে (তপু) ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় ২৬ জানুয়ারি। তাঁর পরিবারের অভিযোগ, বাড্ডার একটি বাসা থেকে সাধারণ পোশাকের তিন ব্যক্তি মোয়াজ্জেমকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই। তাঁর মুঠোফোন বন্ধ। এ ব্যাপারে ভাটারা থানায় মামলা হয়েছে। মোয়াজ্জেমের ভাই মো. মইনুল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘আল্লাহ আল্লাহ করা ছাড়া উপায় দেখি না। পুলিশ ও গোয়েন্দা সংস্থা এমন কেউ নেই, যার কাছে যাইনি। কেউ কোনো হদিস দিতে পারে না।’

এই এক বছরে গুম থাকার পর ছয়জনের লাশ পাওয়া গেছে। তাঁদের একজন যশোরের শরিফুল ইসলাম। স্থানীয় লোকদের অভিযোগ, ২১ ফেব্রুয়ারি তাঁকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। তিন দিন পর ঝিনাইদহ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। যশোরের মাদ্রাসাশিক্ষক আবু হুরাইরা ২৪ জানুয়ারি নিখোঁজ হন। ৩৫ দিন পর তাঁর লাশ পাওয়া যায়। ঝিনাইদহের ছাত্রশিবিরের তিন নেতা মো. জসিমউদ্দীন, আবুজার গিফারী ও শামীম হোসেন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের লাশ পাওয়া যায়। গত ১০ এপ্রিল ঝালকাঠি থেকে নিখোঁজ হন সোহানুর রহমান। পরে চুয়াডাঙ্গায় তাঁর লাশ পাওয়া যায়।

গুমের এই ধরন বদল সম্পর্কে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক প্রথম আলোকে বলেন, ‘ফৌজদারি কার্যবিধিতে লেখা আছে, কাউকে গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আমাদের সংবিধানেও এই কথা বলা আছে। ২৪ ঘণ্টার পর হেফাজতে রাখতে হলে আদালতের অনুমতি লাগবে। কোনো সভ্য দেশে আদালতের আদেশ ছাড়া আটক রাখলে শুধু এ কারণেই আদালত পরবর্তী বিচার-প্রক্রিয়া বেআইনি ঘোষণা করতে পারেন।’