তিন দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় চট্টগ্রামে র্যাবের অভিযানে গ্রেপ্তার পাঁচ যুবককে। চট্টগ্রাম মহানগর হাকিম মো. আল-ইমরান খান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গতকাল আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাঁচ যুবক স্বীকার করেছেন তাঁরা হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশ (হুজি-বি) সক্রিয় সদস্য। তাঁরা অনেক গুরুত্বপূর্ণ দিয়েছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
৮ ডিসেম্বর ভোরে র্যাব-৭-এর সদস্যরা চট্টগ্রাম নগরের এ কে খান মোড় ও উত্তর কাট্টলী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, বোমা, বিস্ফোরকসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেন। তাঁরা হলেন ফরিদপুরের মাওলানা মো. তাজুল ইসলাম (২৭), যশোরের মো. নাজিমউদ্দিন (৩৮), ঝিনাইদহের আবুজার গিফারী (২২), নীলফামারীর নুরে আলম ইসলাম (২২) ও রংপুরের শেখ ইফতিশাম আহমেদ (২৩)। অভিযান শেষে র্যাব জানায়, পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামিয়া বাংলাদেশের (হুজি-বি) সঙ্গে জড়িত।
গত সোমবার আসামিরা আদালতকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদাপোশাকধারী লোকজন ছয় মাস থেকে এক বছর আগে তাঁদের তুলে নিয়ে যায়। রাখা হতো হাজতখানার মতো ছোট কক্ষে। কিছুদিন পর এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হতো। হাতকড়া থাকত সব সময়। বেঁধে রাখা হতো চোখ। গত ২৯ নভেম্বর মাইক্রোবাসে করে তাঁদের চট্টগ্রামে র্যাব-৭-এর কার্যালয়ে আনা হয়। সেখান থেকে ৮ ডিসেম্বর ভোরে উত্তর কাট্টলীর একটি বাসায় নেওয়া হয়। ওই বাসায় আগে থেকেই অস্ত্র, গুলি, বোমা রাখা ছিল।
গতকাল দুপুরে আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে পাঁচ যুবক বলেন, তাঁদের কীভাবে তুলে নেওয়া হয়েছে রিমান্ডে সে বর্ণনা দিয়েছেন। রিমান্ডে পুলিশ তাঁদের নির্যাতন করেনি। তবে তাঁদের দাবি, তাঁরা হুজি নন।
এদিকে আসামিদের জিজ্ঞাসাবাদ করতে গতকাল নতুন করে রিমান্ডের কোনো আবেদন করা হয়নি বলে জানান চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, রিমান্ডে তাঁরা হুজির সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।