গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সরকারি চাল পাচারের সময় গ্রেপ্তার খাদ্যগুদামের ব্যবস্থাপকসহ পাঁচজন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই করছে পুলিশ। এক দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পাঁচ আসামি হলেন নগরের হালিশহর খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, ট্রাকচালক শামসুল হুদা, তাঁর সহকারী মো. মিজান, মো. শফিউল ও মো. উসমান।

মামলার তদন্ত কর্মকর্তা ও হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব শর্মা আদালতে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, রিমান্ডে আসামিরা চাল পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে পুলিশের উপস্থিতিতে খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমার কাছে চাল পাচারের বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

১৭ জুলাই রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রামের হালিশহর ও সিটি গেট এলাকা থেকে পাচারের সময় সাতটি ট্রাক থেকে ৩ হাজার ৯৬ বস্তা সরকারি চাল জব্দ করে র‍্যাব। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব বাদী হয়ে প্রণয়ন চাকমাসহ আটজনকে আসামি করে হালিশহর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। সর্বশেষ ১৯ জুলাই সিটি গেট এলাকা থেকে আরও ২৭০ বস্তা চাল জব্দ করে র‍্যাব। এ ঘটনায় আকবর শাহ থানায় আরেকটি মামলা করে র‍্যাব। এ মামলাতেও প্রণয়ন চাকমা, গুদামের সহকারী ব্যবস্থাপক ফখরুল আলম ও চালের ক্রেতা আবদুল মালেককে আসামি করা হয়েছে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, আদালত পাঁচ আসামির এক দিনের রিমান্ড মঞ্জুর করলে গত মঙ্গলবার তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে আনা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে।