গুরুদাসপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম
পূর্ববিরোধের জের ধরে নাটোরের গুরুদাসপুরে শফিকুল ইসলাম (৪২) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার ধারাবারিষা বাজারে এ ঘটনা ঘটে। শফিকুল ধারাবারিষা ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় আহত শফিকুল বাদী হয়ে ধারাবারিষা গ্রামের তারিকুল ইসলাম, সোহেল রানা, সাইদুল ইসলাম, হাসানসহ পাঁচ ব্যক্তিকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেছেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রবিউল করিম বলেন, শফিকুলের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্নও রয়েছে।
শফিকুল ইসলাম বলেন, তিনি মঙ্গলবার বিকেলে ধারাবারিষা বাজারে অবস্থান করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে হাসপাতালে পাঠান। এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করেও অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ধারাবারিষা ইউপির চেয়ারম্যান আবদুল মতিন অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পুলিশ তাঁদের ধরছে না।
অভিযোগ অস্বীকার করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।