গুরুদাসপুরে একই ব্যক্তি দুই পদে চাকরি করছেন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় একই ব্যক্তি দুই প্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। ওই ব্যক্তির নাম জয়নাল আবেদীন। তিনি পৌর সদরের রোজী মোজাম্মেল মহিলা কলেজে আইসিটি শিক্ষক হিসেবে ২০০০ সাল থেকে চাকরি করছেন। এ ছাড়া তিনি চাঁচকৈড় নাজিম স্কুল অ্যান্ড কলেজে ২০১৫ সালের ২৮ ডিসেম্বর থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এমপিও নীতিমালার ১৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য শিক্ষক/কর্মচারীরা একই সঙ্গে একাধিক স্থানে চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারেন না।
চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের কয়েকজন শিক্ষক বলেন, জয়নাল তাঁদের প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই পদাধিকার বলে প্রতিষ্ঠানের আয়ন-ব্যয়ন, শিক্ষকদের বেতন-ভাতার কাগজে স্বাক্ষর করছেন। অধ্যক্ষ হিসেবে পাঁচ হাজার টাকা করে সম্মানী ভাতাও নিচ্ছেন প্রতিষ্ঠান থেকে। এ জন্য পরিচালনা কমিটির রেজল্যুশনও রয়েছে।
এ ব্যাপারে জয়নাল আবেদীন বলেন, পদাধিকার বলে প্রতিষ্ঠানের সব আয়ন-ব্যয়নসহ কাগজপত্রে স্বাক্ষরসহ প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। পরিচালনা কমিটির পক্ষ থেকে রেজল্যুশন করে পাঁচ হাজার টাকা করে সস্মানি ভাতা নেওয়ার অনুমোদন দেওয়া হলেও তা নিচ্ছেন না তিনি। তাঁর মতে, আরও অনেকেই তাঁর মতো একাধিক প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি করলে দোষের কী?
চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, স্কুল শাখার শিক্ষকদের বেতন-ভাতা চালু থাকলেও কলেজ শাখার শিক্ষকদের বেতন-ভাতা হয়নি। বিধি অনুসরণ করে অভিজ্ঞতাসম্পন্ন জয়নালকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে সরকারি কোনো ভাতা নিচ্ছেন না অধ্যক্ষ।
রোজী মোজাম্মেল মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন বলেন, জয়নাল তাঁর প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষক হিসেবে চাকরি করছেন। সরকারি বেতনও উত্তোলন করছেন। অন্য প্রতিষ্ঠানে চাকরি করার বিষয়টি তাঁর জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, একই ব্যক্তির দুই প্রতিষ্ঠানে চাকরি করার বিধান নেই। কোনো শিক্ষক এটা করে থাকলে তা চাকরিবিধি পরিপন্থী। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।