গুরুদাসপুরে কুপিয়ে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে আশিক (২৪) নামে এক যুবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার চাচকৈড় টলটলি পাড়া এলাকায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেন, কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল ইসলাম জানান, আশিকের গলা ও ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় আশিককে।

আশিক গুরুদাসপুর পৌরসভার চাচকৈড় কাচারীপাড়া মহল্লার নজরুল শেখের ছেলে। বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গিয়ে খুন হন আশিক। স্থানীয় বাসিন্দা ও নাটোর জেলা পরিষদের সদস্য সরকার মেহেদি হাসান জানান, আশিকের পরিবার লাশ নিয়ে ব্যস্ত থাকায় বিস্তারিত তথ্য জানা যাচ্ছে না।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, হত্যার কারণ অনুসন্ধান ও ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।