গুরুদাসপুরে গৃহবধূকে ব্লেডের আঘাত করে ডাকাতি, গ্রেপ্তার ১
নাটোরের গুরুদাসপুরে বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ব্লেড দিয়ে আঘাত করে অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অগ্রণী ব্যাংকের চাঁচকৈড় শাখার অদূরে একটি বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম সাদিয়া আফরিন (৩২)। তাঁকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাদিয়ার স্বামী মো. আবদুল মজিদ অগ্রণী ব্যাংকের চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক।
পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চাঁচকৈড় বাজারের জাহাঙ্গীর হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে। এ ছাড়া ছিনতাই হওয়া ১২ হাজার ৭৬০ টাকা, ১০০ টাকা মূল্যের ১১৫টি প্রাইজবন্ড ও সোনার চেইন উদ্ধার করা হয়। এ ব্যাপারে ওই ব্যাংক কর্মকর্তা গুরুদাসপুর থানায় মামলা করেছেন।
ওই ব্যাংক কর্মকর্তা বলেন, তিনি কর্মস্থলে যাওয়ার পর জাহাঙ্গীর তাঁর ফ্ল্যাটে ঢুকে পড়েন। এ সময় সাদিয়াকে ভয়ভীতি দেখিয়ে টাকা-স্বর্ণালংকার চান তিনি। একপর্যায়ে তিনি ব্লেড দিয়ে কুপিয়ে সাদিয়াকে জখম করেন। এরপর টাকা, প্রাইজবন্ড ও সোনার চেইন নিয়ে চলে যান।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন বলেন, জাহাঙ্গীরের বাড়িতে তল্লাশি করে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করা হয়। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।