গুরুদাসপুরে দুই ছাত্রীকে ধর্ষণ, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলায় সপ্তম ও অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত বুধবার বিকেলে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুরুদাসপুর উপজেলা ৫০ শয্যা হাসপাতালে দুই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহমুদুর রহমান বলেন, তাঁরা বোর্ডসভায় সিদ্ধান্ত নেওয়ার পর ডাক্তারি পরীক্ষার ফলাফল পুলিশের কাছে হস্তান্তর করবেন।
পুলিশ ও ভুক্তভোগী দুই ছাত্রীর পরিবার জানায়, মঙ্গবার দুপুরে ওই দুই ছাত্রী পাশের নাটোর সদর উপজেলার একটি স্টুডিওতে ছবি তুলে বাড়ি ফিরছিল। এ সময় ধানুড়া গ্রামের তিন বখাটে জুয়েল (২১) নাঈম (২০) ও জিয়াউর রহমান (১৯) তাদের ধরে একটি খেতে নিয়ে যায়। সেখানে জুয়েল ও নাঈম দুই ছাত্রীকে ধর্ষণ করে। জিয়া সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে। এ সময় দুই ছাত্রীর চিৎকার শুনে এক নারী এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। এ নিয়ে বুধবার বিকেলে ভুক্তভোগী এক ছাত্রী বাদী হয়ে গুরুদাসপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করে। তবে গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
গুরুদাসপুর থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, মামলা হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা করে। তবে আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।