নাটোরের গুরুদাসপুর উপজেলায় আত্রাই নদীর সাবগাড়ী এলাকা থেকে গতকাল বুধবার বাঁশের বেড়া ও চারটি অবৈধ সোতিজাল উচ্ছেদ করা হয়েছে। এর আগের দিন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা ওই সোতিজালে নৌকা আটকে চাঁদাবাজি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বিকেলে মুঠোফোনে জানতে চাইলে রবিউল বলেন, তিনি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত নন। তাঁর বিরুদ্ধে প্রশাসনের কাছে কেউ মিথ্যা তথ্য দিয়েছেন। এ ছাড়া তিনি বর্তমানে আওয়ামী লীগের কোনো পদে নেই।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রবিউল করিম (৪৬) ও তাঁর তিন সহযোগী সাবগাড়ী রাবার ড্যাম এলাকায় নদীটির গতিপথ রোধ করে বাঁশের বেড়া দিয়ে সোতিজাল পেতে মাছ ধরছিলেন। গত মঙ্গলবার বিকেলে পৌরসভার চাঁচকৈড় থেকে মালামাল ও যাত্রী নিয়ে পাঁচ-ছয়টি নৌকা সোতিজালে আটকা পড়ে। এসব নৌকা ছাড়াতে ৫০০ থেকে ১ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রথম আলোকে বলেন, রবিউলের বাড়ি সাবগাড়ী গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের এক সাবেক নেতার আত্মীয়। রবিউল অবৈধ সোতিজাল পেতে মাছ ধরা, নৌকা আটকে চাঁদাবাজিসহ এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছেন। কিন্তু কেউ তাঁর বিরুদ্ধে কথা বলতে সাহস পান না।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার বলেন, নৌকা আটকের খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে একদল পুলিশ পাঠানো হয়। তাঁদের সহায়তায় আটকে পড়া একটি নৌকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পরে এসব বাঁশের বেড়া ও সোতিজাল উচ্ছেদ করে প্রশাসন।
মোবারক হোসেন বলেন, এর আগেও তিন দফা এসব সোতিজাল উচ্ছেদ হয়েছিল। কিন্তু দলীয় দাপটে তাঁরা আবারও জাল ফেলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী বলেন, রবিউল বিয়াঘাট ইউনিয়ন (উত্তর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এলাকায় তাঁর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তবে কোনো ব্যক্তি অপকর্ম করলে এর দায়ভার দল নিতে পারে না।