গুরুদাসপুরে বাধার মুখে শহীদ মিনার নির্মাণ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয় ও ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ মিনার স্থাপনের জায়গা নিয়ে জটিলতার কারণে শহীদ মিনার নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে।
স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিম উদ্দিন বলেন, ওই ঘটনার জের ধরে ২৫ মে রাতে ধানুড়া বাজারে উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলীকে গালমন্দ ও ধাওয়া করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের সমর্থকেরা। ওই ঘটনার পর থেকে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ দশমিক ১৭ একর জায়গার ওপর ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয় ও ধানুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু স্থায়ী কোনো শহীদ মিনার নেই বিদ্যালয় দুটিতে। সম্প্রতি স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস শহীদ মিনার নির্মাণের জন্য ৭০ হাজার টাকা অনুদান দেন। ধানুড়া বালিকা উচ্চবিদ্যালয়ের অনুকূলে ওই বরাদ্দের টাকা অনুমোদন দেওয়া হয়। শহীদ মিনার নির্মাণের স্থানও নির্ধারণ করে দেন সাংসদ।
২৪ মে সাংসদের নির্ধারিত জায়গায় শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয় উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন এতে বাধা দেন। ফলে বন্ধ হয়ে যায় শহীদ মিনার নির্মাণের কাজ।
ধানুড়া উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহসিন আলী অভিযোগ করেন, তাঁর প্রতিষ্ঠানের অনুকূলে শহীদ মিনার নির্মাণের বরাদ্দ আসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও সভাপতি আবদুল আজিজ বিশেষ সুবিধা দাবি করেন। ওই দাবি পূরণ না করায় শহীদ মিনার নির্মাণে বাধা প্রদান করেন তাঁরা। এ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এখন ভয়ভীতি দেখানো হচ্ছে তাঁকে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন দাবি করেন, সাংসদ মনোনীত জায়গায় শহীদ মিনার নির্মাণ করা হলে মাঠ সংকুচিত হয়ে যাবে। এ কারণে দ্বিমত পোষণ করেছি। তবে মহসিন আলীকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য নয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাংসদ আবদুল কুদ্দুস দেশের বাইরে রয়েছেন। তিনি এলাকায় ফিরলেই বিষয়টির সমাধান হবে।