গুরুদাসপুরে বাবার সামনে উত্ত্যক্তের শিকার স্কুলছাত্রী
নাটোরের গুরুদাসপুর পৌর শহরে নবম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৪) উত্ত্যক্তের ঘটনায় তার সহপাঠীকে পুলিশে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাবার সঙ্গে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল সহপাঠী।
উপজেলা প্রশাসন ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গতকাল বার্ষিক পরীক্ষা শেষ করে প্রধান সড়কে এলে প্রথমে মেয়েটির ওড়না ধরে টান দেয় ওই ছেলে। পরে মেয়েটির হাত ধরে টানাহেঁচড়া শুরু করে। তখন মেয়েটির পেছনে থাকা বাবা মুক্তার হোসেন নামের এক ব্যক্তির সহায়তায় ওই বখাটেকে ধরে উত্তমমধ্যম দিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে নিয়ে যান।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, এর আগেও ছেলেটি মেয়েটিকে উত্ত্যক্ত করেছিল। তখন অভিভাবকদের ডেকে ছেলেটিকে শাসন করে দেওয়া হয়। এবারও একই অভিযোগ ওঠায় বিষয়টি ইউএনও ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়। ইউএনও পরে সহকারী কর্মকর্তা (ভূমি) মোবারক হোসেনকে ঘটনাস্থলে পাঠান।
সহকারী কর্মকর্তা (ভূমি) মোবারক হোসেন বলেন, এটা ইভ টিজিংয়ের ঘটনা হলেও ছেলেটি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া যায়নি। তবে নিয়মিত মামলা নেওয়ার জন্য গুরুদাসপুর থানার ওসি সুপারিশ করা হয়েছে। ওসি দিলীপ কুমার দাস বলেন, অভিযুক্ত ছেলেটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এর বেশিকিছু বলেননি তিনি।