গুরুদাসপুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
নাটোরের গুরুদাসপুরে মনিরুল ইসলাম (২৭) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে চার লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে পৌর এলাকার চাঁচকৈড় কাঠহাট মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মনিরুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিরুল ট্রান্সকম বেভারেজের (পানীয়) পরিবেশক আলম প্রামাণিকের ছেলে। তাঁদের বাড়ি গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়া মহল্লায়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে আলম প্রামাণিক বাদী হয়ে ছয়জনকে অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় একটি মামলা করেছেন। এঁরা হলেন চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার বাজারপাড়া এলাকার পলাশ (২৫), রনি প্রাং (২৩), বিল্টু মৃধা (২১), বাক্কু ফকির (২১), হাসান (২২) ও শামীম (২৪)। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলম প্রামাণিক বলেন, ‘সোমবার রাতে মনিরুল টাকা নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিল। রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের চাঁচকৈড় কাঠহাট মোড়ে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। মরিরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তারা সাড়ে চার লাখ টাকা ছিনিয়ে নেয়। রাতে মনিরুলকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, মনিরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।