নাটোরের গুরুদাসপুরে শিখন কর্মসূচি (ভার্ক) স্কুলের ২৬ ছাত্রী গতকাল সোমবার অসুস্থ হয়ে পড়ে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন। গতকাল সোমবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের হাজীবাজার কেন্দ্রে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনন্দমোহন মণ্ডল জানান, নাইট্রোজেন মনোঅক্সাইডের কারণে এসব শিক্ষার্থী সংজ্ঞা হারিয়ে ফেলে। তবে এখন তারা সবাই বিপদমুক্ত।
ঘটনাস্থল ঘুরে এসে ডা. আনন্দমোহন মণ্ডল, ওসি মোহাম্মদ ইব্রাহিম ও ধারাবারিষা ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক কল্পনা রানী কুণ্ডু বলেন, একটি ভাড়া বাসায় বিদ্যালয়টির কার্যক্রম চলছে। এর চারপাশে বাঁশের ঝাড়, বাসাবাড়ি ও শৌচাগার রয়েছে। ধারণা করা হচ্ছে, শৌচাগার থেকে নাইট্রোজেন মনোঅক্সাইড বিদ্যালয়ে ঢুকে পড়ায় একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয়টির ফিল্ড কো-অর্ডিনেটর আবদুল আলীমের দাবি, বিদ্যালয়ের পরিবেশ ঠিকই আছে।
হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন ছাত্রী জানায়, ইংরেজি বিষয়ের ক্লাস শেষ হওয়ার পর জানালা দিয়ে দুর্গন্ধ ভেসে আসে। তার পরপরই তাদের বুক জ্বালাপোড়া ও বমি শুরু হয়। পরে সংজ্ঞা হারিয়ে ফেলে।
শিক্ষার্থীদের উদ্ধার করা প্রতিবেশী রত্না বেগম ও জুলেখা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, হঠাৎ তাঁরা বিদ্যালয়টিতে কান্নাকাটি শুনতে পান। সেখানে গিয়ে ছাত্রীদের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ওই শিক্ষার্থীদের সহযোগিতা করতে গিয়ে নিজেরাও অসুস্থ হয়ে পড়েন।
ধারাবারিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বলেন, একসঙ্গে সব ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনিও ওই পরিবেশে বিদ্যালয়ের কার্যক্রম না চালাতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।