গুলশান ও কল্যাণপুরের জঙ্গিদের যোগাযোগ ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরের জঙ্গি ও তাদের মদদদাতাদের যোগাযোগ ছিল। কল্যাণপুরে পুলিশের অভিযানে আহত জঙ্গি রাকিবুল হাসান ওরফে রিগ্যান (২১) জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের সূত্র গতকাল শুক্রবার বলেছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের পাহারায় চিকিৎসাধীন রাকিবুল হাসান জিজ্ঞাসাবাদে একাধিক জঙ্গি প্রশিক্ষক ও মদদদাতার নামসহ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
গত সোমবার গভীর রাতে কল্যাণপুরে পুলিশের অভিযানে জঙ্গি আস্তানা থেকে পালানোর সময় আহত রাকিবুলকে পুলিশ গ্রেপ্তার করে হাসপাতালে পাঠায়। রাতভর ঘিরে রাখা ওই জঙ্গি আস্তানায় মঙ্গলবার ভোরে পুলিশের বিশেষায়িত সোয়াট দলের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। বুধবার রাতে পুলিশ এ ঘটনায় মিরপুর থানায় জঙ্গিদের মদদদাতা তামিম চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ মামলাটির তদন্তের দায়িত্ব পায়।
কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপকমিশনার আবদুল মান্নান মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুলকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত এগোচ্ছে। রাকিবুল মিরপুর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার প্রধান আসামি। সুস্থ হয়ে ওঠার পর তাঁকে রিমান্ডে এনে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি আরও বলেন, এজাহারভুক্ত বাকি ৯ আসামি ও কল্যাণপুর আস্তানা থেকে পালিয়ে যাওয়া ইকবালের ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।
মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র বলেছে, হাসপাতালে রাকিবুল তদন্তকারীদের বলেছেন যে গুলশানের হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরের আস্তানার জঙ্গিদের যোগাযোগ ছিল। কল্যাণপুরের ঘটনায় করা মামলার আসামি জঙ্গি মদদদাতা তামিম চৌধুরী গুলশানের হলি আর্টিজানে হামলারও অন্যতম পরিকল্পনাকারী।
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম বলেন, গুলশানে নিহত জঙ্গিদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের কারও কারও যোগাযোগ ছিল। তিনি বলেন, গুলশানে নিহত জঙ্গি নিবরাস ইসলাম কল্যাণপুরে নিহত শেহজাদ রউফ ওরফে অর্কের বন্ধু। কল্যাণপুরে নিহত জঙ্গি রায়হান কবির গুলশানের হলি আর্টিজানে হামলাকারীদের প্রশিক্ষক।
প্রসঙ্গত, ১ জুলাই রাতে হলি আর্টিজান বেকারিতে সেনা কমান্ডো অভিযানে নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ ২৮ দিনেও তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।