গুলশান থেকে কাউনিয়া, সূত্রের সন্ধানে পুলিশ
রাজধানীর অভিজাত এলাকা গুলশান থেকে রংপুরের কাউনিয়ার নিভৃত গ্রাম কাচু আলুটারিতে পরপর দুজন বিদেশি হত্যার ঘটনা একই সূত্রে গাঁথা বলে মনে করছেন তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। দুটি হত্যার ধরন, লক্ষ্য ও উদ্দেশ্য একই বলে মনে করছেন তাঁরা।
গত শনিবার সকাল ১০টার দিকে রংপুর শহরের উপকণ্ঠে কাচু আলুটারি গ্রামে ঘাসের খামারে যাওয়ার পথে অজ্ঞাতনামা অস্ত্রধারীদের গুলিতে নিহত হন জাপানের নাগরিক কুনিও হোশি (৬৬)। গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে খুন হন ইতালির নাগরিক সিজার তাবেলা। এক সপ্তাহের মধ্যে বিদেশি নাগরিক হত্যার দ্বিতীয় ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ব্যাপক তৎপর হলেও গতকাল পর্যন্ত কোনো হত্যারই সূত্র মেলেনি।
কুনিও হোশি হত্যার তদন্তে দেশের প্রায় সব গোয়েন্দা সংস্থার পদস্থ কর্মকর্তারা এখন রংপুরে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সূত্র পায়নি কেউই। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গণভবনে এক সংবাদ সম্মেলনে দুই বিদেশি হত্যার পেছনে বিএনপি-জামায়াতের মদদ রয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের অর্জনগুলো প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এসব ঘটনার সঙ্গে বিএনপির এক নেতার সরাসরি সংশ্লিষ্টতার বিষয়েরও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী। তদন্তকারীরা বলছেন, এই বিষয়টিও তাঁরা খতিয়ে দেখছেন।
মামলা ও তদন্ত: কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, শনিবার রাতে তিনি নিজে বাদী হয়ে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। মামলা নম্বর ৪।
গতকাল বিকেলে জাপানের তিন সদস্যের প্রতিনিধিদলের উপস্থিতিতে রংপুর মেডিকেল কলেজ মর্গে নিহত কুনিও হোশির ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তকারী রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর শরীরে চারটি গুলির ক্ষত পাওয়া গেছে। তবে শরীরের ভেতরে কোনো বুলেট পাওয়া যায়নি। তাঁর ডান হাতের বুড়ো আঙুল ও মধ্যমা গুলির আঘাতে প্রায় বিচ্ছিন্ন হয়ে রয়েছে। আরেকটি গুলি তাঁর বাঁ কাঁধ দিয়ে ঢুকে গলার পাশ দিয়ে বের হয়ে গেছে। অন্য আরেকটি গুলি বুকের ভেতর দিয়ে ঢুকে নাড়ি ফুটো করে বের হয়ে গেছে।
এদিকে গতকাল দিনভর আলুটারি গ্রামের ঘটনাস্থলে ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। জেলা পুলিশ, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), র্যা ব-১৩, র্যা বের গোয়েন্দা শাখা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ আরও কয়েকটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেন। তাঁরা প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন। আলামত সংগ্রহের চেষ্টা করেছেন। তবে গতকাল পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সূত্র পায়নি কোনো সংস্থাই।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, গুলশানে ইতালির নাগরিক হত্যা ও রংপুরে কুনিও হত্যার ধরন এক। এ দুটি খুনের লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই দুই বিদেশি নাগরিকের যে বয়স, কর্মকাণ্ড, জীবনধারা; তাতে তাঁদের ব্যক্তিগত শত্রু থাকার কারণ নেই। ‘সফট টার্গেট’ (সহজ শিকার) হিসেবে তাঁদের হত্যা করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে একটি চক্র।
এই দুই হত্যাকাণ্ডের দায় জঙ্গি সংগঠন আইএস স্বীকার করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যে খবর দিয়েছে, তার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলে লে. কর্নেল আজাদ বলেন, ‘আইএসের দাবিটা খুব যৌক্তিক মনে হচ্ছে না। এটা আইওয়াশ বা গেম হতে পারে।’
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঘটনাস্থলে মোবাইল ফোন ব্যবহারের সূত্র ধরে তাঁরা খুনিদের শনাক্ত করার চেষ্টা করছেন। হত্যার ঘটনায় যুক্ত তিনজন এবং তাদের ব্যবহৃত নম্বর প্লেট ‘প্রেস’ লেখা সেই বাজাজ ডিসকভার মোটরসাইকেলটিরও খোঁজ চলছে।
গতকাল বিকেলে পুলিশি পাহারায় জাপানের দুই সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থলে যায়। প্রতিনিধিদলে ছিলেন জাপান দূতাবাসের ফার্স্ট সিকিউরিটি অফিসার কিনজো ও ড. মরিটো। তাঁরা পৌনে এক ঘণ্টা ঘটনাস্থলের এবং আশপাশ থেকে ছবি তোলেন। কাগজে ঘটনাস্থলের নকশা আঁকতে দেখা যায় তাঁদের। তবে তাঁদের কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
ইতিমধ্যে রংপুর বিএনপি ও যুবদলের দুই নেতাকে শনিবার পুলিশ পরিচয়ে সাদাপোশাকধারীরা বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ তাঁদের পরিবারের। তবে পুলিশ গতকালও বিষয়টি স্বীকার করেনি।
জিজ্ঞাসাবাদের জন্য কুনিওর বাড়িওয়ালা এ কে এম জাকারিয়া, রিকশাচালক মুন্নাফ আলী, কুনিওর অংশীদার হুমায়ূন কবির ও প্রত্যক্ষদর্শী মুরাদ হোসেন (যাঁদের বাড়ির সামনে হত্যাকাণ্ড) এখনো পুলিশি হেফাজতে রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন।
এদিকে শনিবারের ওই হত্যাকাণ্ডের পর থেকে রংপুরের সর্বত্র একই আলোচনা চলছে। চায়ের দোকানে থাকা টিভিগুলোতে বাংলা চলচ্চিত্রের বদলে শুধুই চলছে সংবাদ চ্যানেলগুলো। প্রতি ঘণ্টার সংবাদের সময় লোকজন ভিড় করে খবর শুনছেন।
আরও পড়ুন: