রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে রোববার রাতে শুল্ক ফাঁকি দিয়ে আনা তিন হাজার ২৮২ পিস পাকিস্তানি থ্রিপিস ও শাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর মূল্য পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে পণ্য ছাড়িয়ে নিতে ঘটনাস্থলে গিয়ে শুল্ক কর্মকর্তাদের ঢাকায় পাকিস্তানি দূতাবাসের একজন কূটনীতিক হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া পণ্য আনার অভিযোগে হালিম পুরি নামের এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছিল। চাপের মুখে তাঁকে ছেড়ে দেওয়া হয় বলেও একটি সূত্র জানিয়েছে।
অবশ্য শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের সহায়তায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গুলশান-২ নম্বর এলাকার ৬৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসার ২/এ নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়।
খোঁজ নিয়ে জানা যায়, ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন হালিম পুরি নামের এক পাকিস্তানি নাগরিক। তিনি ২০০৯ সাল থেকে ঢাকার এই বাসায় বসে পাকিস্তানি পোশাক বিক্রি করে আসছেন। হালিম পুরির পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তাঁর বয়স ৫৬ বছর। জন্ম পাকিস্তানের শিয়ালকোটে।
অভিযান চলাকালে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে হাজির হন ঢাকায় পাকিস্তান দূতাবাসের একজন কূটনীতিক। তিনি অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের আটক পণ্যগুলো ছেড়ে দিতে চাপ দেন। অন্যথায় বিষয়টি কূটনৈতিক চ্যানেলে রাষ্ট্রীয় পর্যায়ে উত্থাপন করবেন বলে হুমকি দেন তিনি।
অভিযানে অংশগ্রহণকারী একজন শুল্ক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘পাকিস্তান দূতাবাসের ওই কর্মকর্তা আমাদের বলেন যে বিত্তশালীরা এসব শাড়ি-থ্রিপিস কিনে থাকেন। এগুলো ছেড়ে না দিলে অসুবিধা হবে।’ তিনি জানান, প্রায় এক ঘণ্টা ওই কূটনীতিক শুল্ক গোয়েন্দাদের সঙ্গে কথা-কাটাকাটি করেন।
একপর্যায়ে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল নাজমুল ইসলামের মাধ্যমে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিবকে জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই পাকিস্তানি কূটনীতিককে ঘটনাস্থল থেকে চলে যেতে
বলা হয়। এরপর রাত তিনটা পর্যন্ত অভিযান চালিয়ে এসব পাকিস্তানি পোশাক জব্দ করে শুল্ক গুদামে জমা করা হয়।