গুলশান লেক থেকে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
রাজধানীর গুলশান শ্যুটিং ক্লাবের পেছনের লেক থেকে গতকাল বৃহস্পতিবার সকালে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি।
গুলশান থানার পুলিশ বলেছে, সকাল নয়টার দিকে পুলিশ গুলশান শ্যুটিং ক্লাবের পেছনের লেক থেকে ভাসমান ওই ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের করা সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁর নাকে কাটা দাগ, ডান হাতে আঘাতের চিহ্ন ও পিঠে জখম রয়েছে। তাঁর পরনে ছিল কালো প্যান্ট। বয়স ৪০ বছর হতে পারে।
যোগাযোগ করা হলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের পর ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে।
স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার: গত বুধবার মধ্যরাতে পুলিশ বাড্ডার পোস্ট অফিস গলির সাহাবুদ্দিন রোডের নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ও ঝুলন্ত অবস্থায় রুমা আক্তার (১৩) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। সে স্থানীয় বিএম উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
ঘটনা তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার এসআই ইমরান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়েটি আত্মহত্যা করেছে।
রুমার বাবা জুলহাস মিয়া পেশায় দরজি। তিনি গতকাল দুপুরে মর্গের সামনে প্রথম আলোকে বলেন, ঠিকমতো পড়াশোনা না করায় রুমাকে তার মা বকুনি দিয়েছিলেন।
মিরপুর ডাকঘর থেকে টাকা লুট: রাজধানীর মিরপুর ডাকঘর থেকে ৯০ হাজার টাকা লুট হয়েছে। পুলিশের ধারণা, গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় সেখানে কেউ ছিলেন না।
মিরপুর থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসে দেখেন ডাকঘরে রাখা ৯০ হাজার টাকা খোয়া গেছে। পরে তাঁরা দেখতে পান ডাকঘরের পেছনের জানালার গ্রিল কাটা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলোকে বলেন, বুধবার রাতে ডাকঘরের নিরাপত্তাকর্মীর দায়িত্বে থাকা আলমগীর হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে মিরপুর থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, জিজ্ঞাসাবাদে আলমগীর দাবি করেন, বুধবার রাতে দু-তিনজন ব্যক্তি গ্রিল কেটে মিরপুর ডাকঘরের ভেতরে ঢুকে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় এখনো মামলা হয়নি।