গুলশান হামলার জঙ্গিদের নিয়ে আইএসের ভিডিও!
রাজধানীর গুলশানের রেস্তোরাঁয় নিহত জঙ্গিদের বক্তব্যসংবলিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। গতকাল শুক্রবার এটি প্রকাশ করে নিউইয়র্কভিত্তিক সংবাদ পোর্টাল হেভি ডটকম বলেছে, বাংলাদেশ থেকে প্রকাশিত আইএসের প্রথম ভিডিও এটি।
জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সাইটের প্রধান রিটা কাৎজ টুইটার বার্তায় জানান, গুলশান হামলায় জড়িতদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইএস।
১৪ মিনিট ৫৮ সেকেন্ডের ভিডিওটির প্রথমে বিশ্বজুড়ে আইএসের কর্মকাণ্ডের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। একপর্যায়ে একে একে কথা বলা শুরু করেন গুলশান হামলায় নিহত পাঁচ জঙ্গি। এ সময় স্ক্রিনে তাঁদের সাংগঠনিক নাম প্রদর্শন করা হয়। প্রত্যেকের পরনে ছিল কালো পাঞ্জাবি। গলায় ঝোলানো আগ্নেয়াস্ত্র এবং হাতে বড় চাকু। পেছনে ঝোলানো আইএসের পতাকা।
১ জুলাই জঙ্গিরা হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেন। পরে উদ্ধার অভিযানে পাঁচ জঙ্গি নিহত হন।