গুলশান হামলার নেপথ্যের আট-নয়জন চিহ্নিত
গুলশান হামলার নেপথ্যের আট-নয়জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে নারায়ণগঞ্জে নিহত তামিম চৌধুরী সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন। তামিমের আগে কল্যাণপুরের অভিযানে আরও চারজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক নিহত হওয়ার পরও জেএমবির নতুন শাখাটি নিশ্চিহ্ন হবে না, তবে তাদের কার্যক্রম স্তিমিত হয়ে যাবে বলে মনে করছেন পুলিশের কর্মকর্তারা।
কর্মকর্তারা বলেন, আরেকটি সক্রিয় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কথিত সামরিক শাখার প্রধান বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হককে ধরতে পারলে সামগ্রিকভাবে জঙ্গিদের থামানো যাবে। গুলশান হামলার আরেক সমন্বয়ক নুরুল ইসলাম ওরফে মারজানকেও খোঁজা হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, নতুন জেএমবির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তাঁরা ময়মনসিংহ থেকে ধরতে পেরেছেন, যাঁর দেওয়া তথ্য অনুযায়ী গত শনিবার নারায়ণগঞ্জে ওই অভিযান চালানো হয়। তাঁর কাছ থেকে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে তথ্য মিলেছে। খুব অল্প সময়ের মধ্যে বড় অভিযানের প্রস্তুতিও রাখা হয়েছে।
গতকাল রোববার ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত তিনজনের ময়নাতদন্ত হয়েছে। ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, নিহত ব্যক্তিদের সবার মাথায় গুলি লেগেছিল। তামিম ছাড়া বাকি দুজনের শরীরে বোমার স্প্লিন্টারও পাওয়া গেছে।
এদিকে শনিবারের অভিযানের পর নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় গতকালও ছিল প্রচুর পুলিশ। ছিল উৎসুক মানুষের ভিড়ও। ওই অভিযানের ঘটনায় নিহত তিন জঙ্গিসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। জঙ্গিরা যে বাড়িতে আস্তানা গেড়েছিল, সেই বাড়িটির মালিককে ভাড়াটের তথ্য গোপনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে জেলার পুলিশ সুপার এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, বিদেশি নাগরিকদের ওপর হামলার জন্যই ওই বাড়িতে আস্তানা গেড়েছিল জঙ্গিরা।
গতকাল পুলিশ সদর দপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল থেকে এক সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই জঙ্গি তামিমের অবস্থানের কথা জানায়। এরপর রাতেই ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াটসহ অন্যান্য ইউনিটকে জানানো হয়। মধ্যরাতের পর সোয়াটকে প্রস্তুতি নিতে বলা হয়। এরপর রাত তিনটার দিকেই নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পৌঁছে যায় আভিযানিক দল। প্রথমেই জঙ্গিদের ফ্ল্যাটে তালা মেরে দেওয়া হয়। তাদের আত্মসমর্পণ করানোরও চেষ্টা চলে। এরপর সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হবে না, তা নিশ্চিত হওয়ার পরই গোলাগুলি শুরু করা হয়। ওই কর্মকর্তা বলেন, সন্দেহভাজন ওই জঙ্গি নতুন জেএমবির আরও কিছু নেতা সম্পর্কে তথ্য দিয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার দেওয়া তথ্যের যাচাই-বাছাই চলছে। খুব অল্প সময়ে বড় অভিযানের প্রস্তুতিও রাখা হয়েছে।
এদিকে গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তামিম নব্য জেএমবির সমন্বয়ক হিসেবে কাজ করতেন। তাঁর মারা যাওয়ায় কারণে এবং কল্যাণপুরে অন্তত চারজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক নিহত হওয়ায় জেএমবি নিশ্চিহ্ন না হলেও আমরা মনে করি, তাদের কার্যক্রম অনেকটা স্থিমিত হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ, সব শ্রেণির মানুষ রাস্তায় নেমেছে। আমরা যদি এ কাজের ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে যেভাবে নব্য জেএমবি গজিয়ে উঠেছে, সেভাবেই শেষ হয়ে যাবে বলে আমরা মনে করি।’
গুলশান হামলার সঙ্গে যুক্ত আরও আট-নয়জনকে চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, তদন্তে জানা গেছে, গত এপ্রিল থেকে তারা ঢাকায় বড় হামলার পরিকল্পনা করছিল। তাদের আয়োজন ছিল বিপুল। এ ঘটনার জন্য লোক বাছাই, তাদের উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ, বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা এবং তাদের আত্মঘাতী হিসেবে তৈরি করতে অনেক সময় লেগেছে। এ প্রক্রিয়ায় বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছে বলে পুলিশ মনে করে।
মনিরুল ইসলাম বলেন, গুলশানের ঘটনার আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি নুরুল ইসলাম ওরফে মারজান। তাঁর ভূমিকা ছিল গুলশান হামলা চলাকালীন দিকনির্দেশনা ও খবর দেওয়া, ছবি প্রচার করা। খুব বুদ্ধিমান হওয়ায় তিনি দলে গুরুত্বপূর্ণ পদ পান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তামিম সম্পর্কে মনিরুল বলেন, গত বছর থেকেই তামিম চৌধুরীকে খোঁজা হচ্ছিল। গত ফেব্রুয়ারি মাসে তাঁরা নিশ্চিত হন যে তামিম বড় দায়িত্বে আছেন।
নারায়ণগঞ্জের অভিযান সম্পর্কে জানতে চাইলে মনিরুল বলেন, পুলিশের অভিযানের সময় জঙ্গিরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত পুড়িয়ে ফেলেছে। তখন বাইরে ধোঁয়া দেখা গেছে। সেখান থেকে উদ্ধার হওয়া আলামত থেকে তথ্য উদ্ধারের জন্য ফরেনসিক পরীক্ষা করে দেখা হবে।
এসপির সংবাদ সম্মেলন: বিদেশি নাগরিকদের ওপর হামলা করতেই এখানে জঙ্গিরা ঘাঁটি গেড়েছিল বলে দাবি করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক। গতকাল নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি বলেন, গত ২ জুলাই ওষুধ ব্যবসায়ী পরিচয়ে দুজন ওই বাড়িটি ভাড়া নেয়। ওই দুজন ছাড়াও আরও একজন তাদের সঙ্গে থাকা শুরু করে। ভাড়াটেরা তাদের ফ্ল্যাটে কাউকে ঢুকতে দিত না। থানায় ভাড়াটেদের তথ্য দেওয়ার কথা থাকলেও বাড়ির মালিক তা দেননি। এ ঘটনার পর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে শনিবার রাতে পুলিশ নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকা থেকে জিহাদি বইসহ শিবির নেতা ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করেছে। নিহত জঙ্গিদের সঙ্গে তাঁর সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।
বিস্ময়ের ঘোর কাটেনি এলাকাবাসীর: পাইকপাড়ার চট ব্যবসায়ী নূরে আলম প্রথম আলোকে জানান, তাঁর বাড়ির পাশেই যে জঙ্গিরা আস্তানা গাড়তে পারে, তা তিনি ভাবতেই পারেননি। নিশ্চয়ই বড় অঘটন ঘটানোর পরিকল্পনা ছিল তাদের। মাঝে ঘটনার শিকার হয়ে ভোগান্তিতে পড়েছেন বাড়ির মালিক নূরুদ্দীন দেওয়ান।
নূরুদ্দীনের বাড়ির নিচতলার ভাড়াটে কবির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গিয়েছিল। পুলিশি হেফাজত থেকে ফিরে তিনি গতকাল বলেন, শনিবার সকাল সাতটার দিকে পুলিশ তাঁর বাসার দরজার কড়া নাড়ে। ঘরে ঢুকে পুলিশ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের কিছু ছবি দেখিয়ে জানতে চায়, তাঁদের কখনো দেখছেন কি না। পরে তাঁকে ঘর থেকে বের করে পাশের একটি রেস্তোরাঁয় নিয়ে আসা হয়। সেখানে তাঁর কাছে ওই বাড়ি থেকে বের হওয়ার পথসহ বিভিন্ন বিষয়ে জানতে চান কর্মকর্তারা। পরে সোয়াট দলের সদস্যরা তাঁকে ওই রেস্তোরাঁয় বসিয়ে রাখেন। অভিযান শেষে তাঁর স্ত্রী, ছোট বাচ্চাসহ তাঁকে জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি বাড়ির মালিক, তাঁর স্ত্রী এবং সন্তানসহ অন্যদের দেখতে পান। রাত একটার দিকে বাড়ির মালিকের স্ত্রীসহ নয়জনকে ছেড়ে দেওয়া হয়।
পাশের টিনশেড বাড়ির ভাড়াটে রাজমিস্ত্রি হাসান মিয়া বলেন, অভিযানের সময় তাঁদের ঘরের দরজা বন্ধ করে বসে থাকতে বলেছিল পুলিশ। গোলাগুলির একপর্যায়ে জঙ্গিরা তাঁদের টিনশেড ঘরের চালের ওপর গ্রেনেড ছুড়ে মারলে পুলিশ সবাইকে বের করে নিয়ে আসে। গ্রেনেড দুটি বিস্ফোরিত হয়নি। গোলাগুলি শেষে তাঁদের ডিবি কার্যালয়ে নিয়ে অনেক কিছু জানতে চান কর্মকর্তারা। রাত আড়াইটার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, অভিযানে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে তাঁর দুটি বাচ্চা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে। এখন তাদের স্বাভাবিক ঘুমে সমস্যা হচ্ছে। বাড়ির বড়রাও ভয় পেয়েছেন।