নিরাপত্তা জোরদার করতে গুলশান আবাসিক এলাকার অপরিকল্পিত ও অননুমোদিত স্থাপনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ ছাড়া জুমার নামাজের বয়ান নজরদারি করা এবং ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যবহার হচ্ছে কি না, তা-ও দেখভাল করার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের ১২টি দপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে আমির হোসেন জানান, প্রতি শুক্রবার জুমার নামাজের বয়ান নজরদারি করা হবে। আর যাঁরা খুতবা পড়াবেন, তাঁরা যেন প্রকৃত ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেন, সে বিষয়টিও দেখা হবে। ওয়াজ মাহফিলে ধর্মের অপব্যবহার হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখা হবে। কমিটি বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে।
দেশজুড়ে লাখ লাখ মসজিদে নজরদারির এই সিদ্ধান্ত কীভাবে কার্যকর করবেন? বিবিসি বাংলার এ প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, ‘যারা নামাজ পড়ে তারাই তো জানতে পারবে, বুঝতে পারবে। আমাদের পার্টিরও বহু লোক জুমার নামাজ আদায় করেন। আমি নিজেও পড়ি।’ তারা কোথায় জানাবে জানতে চাইলে তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। টেলিফোন নম্বর দেওয়া হয়েছে। সেখানে জানাবে।
সরকার বা গোয়েন্দা সূত্র থেকে আপনারা কিছু করার চেষ্টা না করে মানুষের ওপর ছেড়ে দিচ্ছেন কি না, এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিদ্ধান্ত তো সরকারের। সরকার তো থাকবেই। আমরা চাই এ কাজে জনগণকে সম্পৃক্ত করতে।’
ইসলামিক ফাউন্ডেশনের হিসাবে দেশে মসজিদ আছে প্রায় তিন লাখ। এর মধ্যে প্রায় আড়াই লাখ মসজিদে জুমার নামাজ হয়। এই বিপুল সংখ্যক মসজিদে নজরদারি করা সম্ভব কি না, জানতে চাইলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল প্রথম আলোকে বলেন, কাজটি অনেক বড়। কিন্তু করা সম্ভব। সরকার লিখিত নির্দেশনা দিলে ইসলামিক ফাউন্ডেশন এটা বাস্তবায়নের চেষ্টা করবে।
মন্ত্রিসভা কমিটির গতকালের বৈঠকে গুলশান ও শোলাকিয়ায় কারা হামলা চালিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন ছিল এবং কীভাবে এমন হামলা মোকাবিলা করা যায়—এসব নিয়ে প্রায় তিন ঘণ্টা বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক সূত্র জানায়, কমিটির প্রায় সব সদস্য গতকাল জঙ্গি হামলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। গুলশানসহ বেশির ভাগ হামলার ঘটনায় জামাআতুল মুজাহিদীন (জেএমবি) এবং কয়েকটি ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে কমিটিকে জানানো হয়। বৈঠকে একাধিক মন্ত্রী বলেন, দেশে আইএস (ইসলামিক স্টেট) আছে কি নেই, সেটি এখন আর বড় বিষয় নয়। গুলশানের ঘটনায় আইএস যেভাবে আগাম ঘোষণা, ছবি প্রকাশ ও নিহতের সংখ্যা নিয়ে তথ্য দিয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেন একাধিক মন্ত্রী। এই প্রেক্ষাপটে আইএসের ভাবধারায় উদ্বুদ্ধ ও অনুগামীদের কীভাবে নির্মূল ও নিয়ন্ত্রণ করা যায়, তার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন কয়েকজন মন্ত্রী।
একজন মন্ত্রী প্রশ্ন তোলেন, হামলাকারীরা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পেল কীভাবে? ইন্টারনেট সংযোগ বন্ধ করলে তারা বাইরের সঙ্গে যোগাযোগ করা বা নিহতদের ছবি আপলোড করতে পারত না। একজন মন্ত্রী এ সময় সাইবার ক্রাইম ইউনিটের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
হামলার খবর প্রচারে বাড়াবাড়ি করার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট চ্যানেল সিএনএন-এর ভূমিকার কঠোর সমালোচনা করেন প্রায় সব মন্ত্রী। গুলশানের ঘটনার সম্প্রচার নিয়ে সিএনএন-এর ভূমিকা উদ্দেশ্যমূলক ছিল বলে তাঁরা মত দেন। গুলশানের ঘটনা সম্প্রচারে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল বলে মত দেন কেউ কেউ।
একজন জ্যেষ্ঠ মন্ত্রী রপ্তানিকারকদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার কথা বলেন। তিনি বলেন, এভাবে চললে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের বাজার সংকুচিত হবে। দেশের বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কিছুটা নির্লিপ্ত হয়ে পড়ার কথা উল্লেখ করে ওই মন্ত্রী বলেন, তারা চাইলে যেন দ্রুত সময়ে নিরাপত্তা দেওয়া হয়। তবে আরেকজন মন্ত্রী বলেন, নিরাপত্তার বিষয়টি বেশি দৃশ্যমান হলে নাগরিকদের আতঙ্ক সৃষ্টি হতে পারে।
সব ধরনের জঙ্গি কার্যক্রম প্রতিরোধে প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্রের প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বক্তব্য প্রসঙ্গে একাধিক মন্ত্রী বলেন, এই বক্তব্যের পর ভারতবিরোধী অপপ্রচার জোরদার হয়েছে। বৈঠকে জানানো হয়, এ বিষয়ে সিঙ্গাপুরের কাছ থেকে কারিগরি সহায়তা নেবে সরকার।
গতকালের বৈঠকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি হামলার ঘটনায় দায়ের হওয়া ৩৭টি মামলার মধ্যে জাপানি নাগরিক কুনিও হোশি ও ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাসহ ১৪টি মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। বাকি মামলাগুলো তদন্তাধীন। এসব মামলার তদন্ত শেষ করার তাগিদ দেওয়া হয়।
বৈঠকসূত্র জানায়, একাধিক মন্ত্রী গোয়েন্দাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা এ সময় গোয়েন্দা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ প্রমুখ।
বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের জানান, গুলশানের আবাসিক এলাকায় যত্রতত্র গড়ে ওঠা রেস্তোরাঁ, হাসপাতাল, বিভিন্ন রকম স্কুল-কলেজগুলো তদারকির আওতায় আনা হবে। বিচ্ছিন্ন-বিক্ষিপ্তভাবে এ ধরনের স্থাপনা যাতে গড়ে উঠতে না পারে, সে জন্য ব্যবস্থা নেওয়া হবে। অনুমোদন ছাড়া যেগুলো হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতার পরিচয় দিয়েছে। এ জন্য তাদের ধন্যবাদ জানানো হয়েছে। তবে পুলিশের সক্ষমতা বাড়াতে অত্যাধুনিক অস্ত্র দিতে হবে এবং তাদের প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহী চৌধুরী প্রথম আলোকে বলেন, বাংলাদেশের জন্য এ ধরনের ঘটনার অভিজ্ঞতা এই প্রথম। এটা মোটামুটিভাবে সামাল দেওয়া গেছে। তবে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও দক্ষভাবে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। সে ক্ষেত্রে সোয়াত টিমকে আধুনিক, দক্ষ ও প্রযুক্তিসম্পন্ন করা জরুরি। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতিতে কে, কোন কাজ করবে, তা ঠিক করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) থাকতে হবে। বিদেশে এমন ঘটনা ঘটলে কেউ কারও নির্দেশের অপেক্ষা না করে যার যার দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করে।