গুলশানে একটি বাড়ি নিয়ে পুলিশে হুলুস্থুল

গুলশান লেকের পাড়ে একটি দোতলা বাড়ি। জানালার কাচে এমনভাবে কাগজ সাঁটা, যেন ভেতরে কিছু দেখা না যায়। মূল ফটকে আলাদা দুটি সাইনবোর্ডে লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’। ২৪ কাঠা আয়তনের এই বাড়ির তিন কোনায় তিনটি পর্যবেক্ষণ টাওয়ার, সিসি ক্যামেরা। ভবনের বিভিন্ন কক্ষে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শিক্ষার্থীর বসবাস, সঙ্গে আটজন নিরাপত্তারক্ষীও।
গতকাল দুপুরে গুলশান ১ নম্বরের এই বাড়ি ঘিরে শুরু হয় জঙ্গি-আতঙ্ক। খবর পেয়ে ছুটে আসে পুলিশের একাধিক দল। চলে অভিযানও। তবে তল্লাশি করে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য এই বাড়ির তত্ত্বাবধায়ক ও এক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
ঘটনার সূত্রপাত আবাসিক এলাকায় অননুমোদিত বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদে রাজউকের অভিযানের সূত্র ধরে। গতকাল সকালে এলাকার ৭/১২ নম্বর সড়ক থেকে অভিযান শুরুর পর বেলা দেড়টার দিকে এই ভবনের সামনে পৌঁছান রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ভবনটিতে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলছে কি না জানার জন্য রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানসহ কর্মকর্তারা বাড়ির ভেতরে ঢুকতে চাইলে প্রথমে কোনো নিরাপত্তারক্ষী সাড়া দেননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এক ব্যক্তি মূল ফটক খুলে দিলে সঙ্গে পুলিশ দেখে বাড়ির ভেতরে থাকা তিন ব্যক্তি মাটিতে শুয়ে পড়েন। এরপর শুরু হয় আতঙ্ক। ম্যাজিস্ট্রেট লোকজন নিয়ে বাড়ির ভেতরে গেলে সেখানে বসবাসরত মাহমুদ হাসান নামের এক শিক্ষার্থী বলেন, তিনিসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আরও পাঁচ শিক্ষার্থী এই বাড়িতে থেকে পড়াশোনা করেন। তাঁদের সঙ্গে থাকেন আটজন নিরাপত্তারক্ষী। এই অবস্থা দেখে তল্লাশি ছাড়াই রাজউকের ভ্রাম্যমাণ আদালত ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন।
ম্যাজিস্ট্রেট অলিউর রহমান বলেন, ‘এঁদের সবকিছুই সন্দেহজনক।’ এরপর উচ্ছেদ অভিযানের সঙ্গে থাকা বিশেষ শাখার এএসআই আকতারুজ্জামান পুলিশকে খবর দিলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সালাউদ্দিন মিয়ার নেতৃত্বে বেলা দুইটার পর পুলিশের এক দল সদস্য ঘটনাস্থলে পৌঁছান। এ সময় ওই বাড়ির তত্ত্বাবধায়ক পরিচয় দেওয়া মো. শামসুদ্দিন নামের এক ব্যক্তি পুলিশকে বলেন, এই বাড়ির মালিকানা নিয়ে সমস্যা আছে। অপর একটি পক্ষ বাড়িটি দখলের জন্য মাঝেমধ্যেই চেষ্টা চালায়। এ জন্যই নিরাপত্তার এত আয়োজন।
বাড়িতে থাকা শিক্ষার্থীদের সম্পর্কে শামসুদ্দিনের ভাষ্য, এই বাড়ি ইভা বিল্ডার্স লিমিটেড নামের একটি নির্মাণপ্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আত্মীয়। এর মধ্যে গণমাধ্যমে ‘গুলশানে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান’ নিয়ে খবর ছড়িয়ে পড়ে।
বাড়ির সামনে থাকা একটি সাইনবোর্ডে জমির প্রকৃত মালিক হিসেবে মো. জহুরুল আলম, জয়নুল আবেদিন, জাহাঙ্গীর আলম নামের তিন ব্যক্তির নাম লেখা আছে। এ সময় বাড়ির সামনে অনেক মানুষ ভিড় করে।
বেলা পৌনে তিনটার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম আরেকটি দল নিয়ে পৌঁছালে পুলিশ প্রথমবারের মতো খুবই সাবধানী ভঙ্গিতে ওই বাড়িতে প্রবেশ করে। প্রথমে দুজন শিক্ষার্থী ও বাড়ির নিরাপত্তারক্ষীদের এক জায়গায় নিয়ে তাঁদের শরীরে তল্লাশি করা হয়। পরে দোতলা ভবনের প্রতিটি কক্ষে তল্লাশি চালানো হয়।