গুলশানে কিশোরের গাড়িচাপায় আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে দুর্ঘটনার পরে ধনী পরিবারের এক কিশোরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানায়, গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে গুলশান ২ নম্বরের ৭৪ নম্বর সড়কে দ্রুতগামী গািড়টি নিয়ন্ত্রণ হারিয়ে দুই রিকশাকে চাপা দিলে দুই রিকশাচালক ও দুই যাত্রী আহত হন। লেক্সাস হ্যারিয়ার ব্র্যান্ডের তিন হাজার সিসির বিলাসবহুল গাড়িটি চালাচ্ছিল এক কিশোর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় কোনো মামলা হয়নি। কিশোরের পরিবার আহত ব্যক্তিদের চিকিৎসার ভার নিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ বছরের ওই কিশোর গত সোমবার বেলা সাড়ে তিনটার দিকে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় গুলশান ৭৪ নম্বর সড়কে নিয়ন্ত্রণ হারালে যাত্রীসহ দুটি রিকশা ভেঙেচুরে ফুটপাতে গিয়ে আছড়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ওই একই গাড়িতে দুর্ঘটনার কিছুক্ষণ আগে তোলা মদের বোতল নিয়ে কিশোরের দেওয়া পোস্টও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়ায় ফেসবুকের বিভিন্ন গ্রুপে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক মানুষ। ওই কিশোর সাবেক এক সাংসদের আত্মীয় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করা হচ্ছে।
তবে পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, যেটা বলা হচ্ছে, ওই কিশোর সে রকম কারও আত্মীয় নয়। কিশোরের পরিবার দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। তা ছাড়া এ বিষয়ে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেননি।
তবে ওই কিশোরের ব্যবহৃত লেক্সাস গাড়িটি থানায় নিয়ে রেখেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গুলশানের একটি হাসপাতালে আহত ব্যক্তিদের চিকিৎসা করাচ্ছে কিশোরের পরিবার।