গুলশানে গ্রিল ভেঙে পাঁচ লাখ টাকা চুরি
রাজধানীর গুলশানে জানালার গ্রিল ভেঙে একটি বাসা থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে। পুলিশের ধারণা, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে।
গুলশান থানার পুলিশ বলেছে, গুলশানের নর্থ এভিনিউয়ের একটি ফ্ল্যাটে থাকেন কোল্ড স্টোরেজ ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। তার ছোট ভাই যুক্তরাস্ট্র প্রবাসী হাসানুজ্জামান কয়েকদিন আগে এই বাসায় আসেন। গতকাল সকালে সেলিমের সঙ্গে হাসানুজ্জামান বাসা তালা মেরে মতিঝিলে ব্যবসায়িক কাজে যান। রাত সাড়ে আটটায় ফিরে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে দেখে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড ও তছনছ করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সেলিমের পরিবারের অন্য সদস্যরা হয়তো কোথাও বেড়াতে গেছেন। ধারণা করা হচ্ছে, জানালার গ্রিল ভেঙে চোরদল ওই বাসায় ঢুকেছিল। তিনি বলেন, ব্যবসায়ী সেলিম পুলিশকে বলেন, তার বাসা থেকে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দেওয়া হলে তা গ্রহণ করা হবে।