গুলশানে চুলার আগুনে দগ্ধ আরেক গৃহকর্মীর মৃত্যু
গুলশানে নাভানা টাওয়ারে গত সোমবার গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনায় আরও একজন মারা গেছেন। তাঁর নাম বেদানা আক্তার (২০)।
আজ বুধবার সকাল সাত সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে এ ঘটনায় দুজন মারা গেলেন। এর আগে শরিফা আক্তার (১৮) নামের একজন গৃহকর্মী মারা যান। আগুনে দগ্ধ হয়েছেন পারভিন বেগম (৩৭)।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান-২-এর ৭৩ নম্বর সড়কে নাভানা টাওয়ার নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলায় গত সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দগ্ধ তিনজন রান্নাঘরের পাশের একটি কক্ষে ছিলেন। সকাল পৌনে ছয়টার দিকে তাঁদের একজন রান্নার জন্য চুলা জ্বালাতে যান। এ সময় চুলা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে গোটা কক্ষে আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন দরজা ভেঙে তাঁদের উদ্ধার করেন।