গুলশানে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন পুলিশ সদস্য। এই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন।
শুক্রবার দিবাগত রাত নয়টার দিকে গুলশানের ওই রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। আগ্নেয়াস্ত্র ও তলোয়ার নিয়ে ভেতরে ঢুকে সেখানে অবস্থানরত লোকজনে জিম্মি করে ফেলে তারা। জিম্মিদের মধ্যে দেশি ও বিদেশি নাগরিকেরা রয়েছে। এ সময় জঙ্গিরা এলোপাতাড়ি গুলিও ছোড়ে। খবর পেয়ে র্যাব, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান। তাদের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি চলে। এতে অন্তত ৫০ জন পুলিশ কর্মকর্তা আহত হন।
আজ রাত সোয়া একটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বেরিয়ে ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম প্রথম আলোকে রবিউল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আরও অন্তত ১২ থেকে ১৩ জন এই হাসপাতালে ভর্তি আছেন। তবে ইউনাইটেড হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ওই হাসপাতালে পুলিশের অন্তত ৩০ জন সদস্যকে নেওয়া হয়েছে।
এদিকে গুলি ও বোমায় নিহত ওসি সালাহউদ্দিনের নিহত হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত গাড়ি চালক মো. মোস্তফা। গুলিতে আহত হওয়ার পর সালাহউদ্দিনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছিল।
মোস্তফা জানান, আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য ওই হাসপাতালে ভর্তি আছেন।
রাত ১২টায় সালাহউদ্দিনের ভাগনে মিশু হাসান হাসপাতাল থেকে বেরিয়ে এসে প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিনের গলায় গুলি লেগেছে ও বোমার স্প্লিন্টার বিদ্ধ হয়েছে।
হাসপাতালের সামনে থাকা প্রথম আলোর প্রতিবেদক জানান, পুলিশ পুরো হাসপাতাল ঘেরাও করে রেখেছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আবদুল আহাদের দেহরক্ষী মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, এডিসি আহাদ, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) রফিক ও এসআই জিয়া, ভাটারা থানার পরিদর্শক ইয়াছিনসহ অন্তত ৫০ জন পুলিশকে আহত অবস্থায় ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, এডিসি আহাদ হোসেন, গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম এবং রবিউলের দেহরক্ষীও আহত হয়েছেন।
পুলিশ সদর দপ্তরের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও জানান, পুলিশের অন্তত ১৯ জন সদস্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।