গুলশানে নিহত জঙ্গির সহযোগীসহ দুজনের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদ-বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আত্মসমর্পণকারী আবদুল হাকিম অতীত জীবনের অনুশোচনা করে বক্তব্য দিচ্ছেন। ছবি: সোয়েল রানা
জঙ্গিবাদ-বিরোধী সুধী সমাবেশ এবং জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে আত্মসমর্পণকারী আবদুল হাকিম অতীত জীবনের অনুশোচনা করে বক্তব্য দিচ্ছেন। ছবি: সোয়েল রানা

গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর কমান্ডো অভিযানে নিহত জঙ্গি বগুড়ার শাহজাহানপুর উপজেলার খায়রুল ইসলাম ওরফে পায়েলের সহযোগী ও ঘনিষ্ঠ বন্ধুসহ দুজন আত্মসমর্পণ করেছেন।

আজ বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) আয়োজিত একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে ওই দুজন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাঁদের প্রত্যেকের হাতে প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ লাখ টাকার চেক তুলে দেন।

আত্মসমর্পণ করা দুজন হলেন খায়রুল ইসলাম ওরফে পায়েলের সহযোগী পলাতক আবদুল হাকিম (২২) এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মাহমুদুল হাসান ওরফে বিজয় (১৭)।

আবদুল হাকিম বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে ও বিহিগ্রাম আহছানিয়া দারুল উলুম সেন্ট্রাল মাদ্রাসার ফাজিল শ্রেণির ছাত্র। গুলশান হামলার ঘটনায় নিহত খায়রুল ইসলামও একই মাদ্রাসার ফাজিল শ্রেণিতে পড়তেন। আত্মসমর্পণ করা মাহমুদুল হাসান গাইবান্ধার সাঘাটা উপজেলার হাটভরতখালি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে জঙ্গিরা দল বেঁধে আত্মসমর্পণের জন্য যোগাযোগ করছে। কয়েক দিন আগে যশোরে তিন জঙ্গি আত্মসমর্পণ করেছে। আরও যারা আছে, সবাই আত্মসমর্পণের জন্য যোগাযোগ করছে। শিগগিরই তারা আত্মসমর্পণ করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা চাই, সর্বস্তরের মানুষ নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, সব মানুষ ভালো থাকবে। প্রধানমন্ত্রীও চান না কেউ বিপদে পড়ুক, কেউ হত্যাকাণ্ডের শিকার হোক। আর সেটা চান না বলেই এই কাজ (আত্মসমর্পণ) সম্ভব হয়েছে।’ তিনি বলেন, আত্মসমর্পণকারীরা জানিয়েছেন, ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাঁদের অন্ধকার পথে নিয়ে গেছে কিছু ‘বড় ভাই’। এই কথিত ‘বড় ভাই’ ইসলামী ছাত্রশিবির বলে তিনি মন্তব্য করেন।

জঙ্গিদের উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তোমরা যারা বিপথগামী, তারা যদি স্বাভাবিক জীবনে ফিরে আসো, তাহলে তোমাদের সামাজিক জীবনে ফিরে আসার সব ব্যবস্থা করা হবে। তোমাদের জন্য আত্মসমর্পণের দরজা সব সময় খোলা থাকবে। তা না হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে বের করে নিয়ে আসবে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা আত্মসমর্পণ করছেন, তাঁদের যারা মদদ, অর্থ ও উসকানিদাতা, তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। তাদের চিহ্নিত করেছি। তারা যদি আত্মসমর্পণ না করে, তবে তাদের ভবিষ্যৎ কী হবে, সেটা আল্লাহই ভালো জানেন।’

গুলশান ও কল্যাণপুরে নিহত বিপথগামী জঙ্গিদের লাশ পরিবার নিতে আসেনি দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘জঙ্গিদের পরিবার বলেনি যে এ আমার ছেলে, এ আমার ভাই। বাধ্য হয়ে তাদের লাশ আমরা দাফনের ব্যবস্থা করেছি। এতেই প্রমাণ হয়, জঙ্গিদের পাশে কেউ নেই। পরিবারও নেই। কারণ, বাংলাদেশের মানুষ জঙ্গিবাদ-সন্ত্রাস পছন্দ করে না।’

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, শুধু গ্রেপ্তার ও মামলা দিয়ে জঙ্গি নির্মূল করা যাবে না। বিপথগামী জঙ্গিদের আত্মসমর্পণের মাধ্যমে ভুল পথ থেকে ফেরানো হবে। সমাজের মূলধারায় ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, জেএমবির উত্তরণ হয়েছিল উত্তরবঙ্গে। এখন নব্য জেএমবির উত্তরণও এই উত্তরবঙ্গে। শান্তিপ্রিয় এই অঞ্চলে কারা অশান্তির বীজ বপন করে, কারা জঙ্গি তৈরি করে, কারা মদদ দেয়, কারা অর্থ দেয়—সেটা এই অঞ্চলের মানুষকে গভীরভাবে ভাবতে হবে। তাদের খুঁজে বের করতে হবে।

সাম্প্রতিক সময়ে র‍্যাবের সাফল্য উল্লেখ করে র‍্যাব মহাপরিচালক বলেন, গত ১ জুলাই থেকে র‍্যাব ৩৪ জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ৩২ জনকে কারাগারে পাঠানো হয়েছে আর দুজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

অনুষ্ঠানে বগুড়া সদরের সাংসদ নুরুল ইসলাম ওমর, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, র‍্যাব-১২-এর অধিনায়ক শাহাবুদ্দিন খান এবং আত্মসমর্পণকারী দুই জঙ্গি বক্তব্য দেন।