গুলশানে পাইরেসির বিরুদ্ধে অভিযান
অনুমোদন ছাড়া সফটওয়্যার কেনাবেচা করার অভিযোগে গুলশানের একটি কম্পিউটার প্রতিষ্ঠান থেকে ল্যাপটপ জব্দ করেছে র্যাব। এ ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মকর্তাকে আটক করা হয়। বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার (আইপিআর) টাস্কফোর্স এবং কপিরাইট অফিসের সহায়তায় এ অভিযান হয়।
এদিকে পুরান ঢাকার টিপু সুলতান রোডে অনুমোদন ছাড়া ইন্টারনেট ব্যবসা করার দায়ে গতকাল বৃহস্পতিবার প্রবীর কুমার রায় (৩০) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাব সূত্র জানায়, গুলশানের ফ্লোরা টেলিকমে অভিযান চালানো হয়। সেখানে বিপুলসংখ্যক পাইরেসি সফটওয়্যার পাওয়া যায়। অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানটি এ ধরনের সফটওয়্যার ব্যবহার করে আসছিল। এ ব্যাপারে গুলশান থানায় মামলা হয়েছে।
আইপিআর টাস্কফোর্সের আহ্বায়ক সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান বলেন, ‘কোম্পানিগুলোকে মনে করিয়ে দিতে চাই যে পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার কারণে তারা মারাত্মক সাইবার অপরাধ করেছে।’ তিনি জানান, দুই ঘণ্টার এ অভিযানে অনেক কর্মচারী স্বীকার করেন, তাঁরা পাইরেটেড সফটওয়্যারের ব্যবসা করেন।
বাংলাদেশ কপিরাইট এবং আইপি ফোরামের প্রতিষ্ঠাতা আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ বলেন, ‘প্রথমবারের মতো শুরু হওয়া এ অভিযান প্রশংসনীয়। এর মাধ্যমে এটা স্পষ্ট হয় যে বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক সম্পত্তিকে সম্মান করে এবং তারা অবৈধভাবে সফটওয়্যার ব্যবহারকে সমর্থন করে না।
র্যাব সূত্র জানায়, গতকাল বেলা একটার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার টিপু সুলতান রোডে আই লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত দেখতে পান প্রবীর কুমার রায় লাইসেন্স না নিয়ে আই লজিস্টিক নামের এই ইন্টারনেট ব্যবসা করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্মকর্তা ও র্যাব-১০-এর একটি দল অংশ নেয়।