গুলশানে ব্যবসায়ী খুনের ঘটনায় মামলা
মুদ্রা ব্যবসায়ী নজরুল ইসলামকে হত্যার অভিযোগে গতকাল বুধবার গুলশান থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী ডলি আক্তার। তবে মামলার এজাহারে কারও নাম উল্লেখ করে আসামি করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গত সোমবার রাতে রাজধানীর গুলশানের অভিজাত আবাসিক হোটেল আমারি থেকে মুদ্রা ব্যবসায়ী নজরুলের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভুয়া পরিচয় দিয়ে হোটেল আমারিতে কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সে কারণে কোনো নাম এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি। পুলিশ হত্যাকারীদের খুঁজছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খুবই পরিকল্পিতভাবে নিজেদের ভুয়া পরিচয় দিয়ে শুধু হত্যার জন্য কক্ষটি ভাড়া নিয়েছিল খুনিরা। তারা সংখ্যায় দুজন ছিল বলে পুলিশ জানতে পেরেছে। কক্ষ ভাড়া নিয়ে তারা নজরুলকে মুঠোফোনে ডেকে নেয়। ঘটনাস্থলের আলামত পর্যালোচনা করে কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, নজরুল কক্ষে ঢোকার সঙ্গে সঙ্গেই চেতনানাশক স্প্রে ছিটিয়ে তাঁকে অজ্ঞান করে ফেলা হয়।