গুলশানে ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার
রাজধানীর গুলশানে গতকাল শনিবার দুপুরে সুশান্ত রায় (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের পটুয়াখালী জেলার আঞ্চলিক ব্যবস্থাপক।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. আলী আহসান প্রথম আলোকে বলেন, নিকেতনের ৪ নম্বর সড়কের বি-ব্লকে ৮৭-৮৯ নম্বর বাড়িতে ব্র্যাকের প্রশিক্ষণকেন্দ্রের ষষ্ঠ তলায় ৫১৪ নম্বর কক্ষ থেকে সুশান্তের মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্তের গলায় রশি প্যাঁচানো ছিল। রশির অপর প্রান্ত সিলিং ফ্যানের সঙ্গে যুক্ত ছিল। তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। সেখান থেকে রক্ত ঝরছিল। গলায় কালো দাগ রয়েছে।
ব্র্যাক সূত্র জানায়, গতকাল সকাল থেকে সুশান্তের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি কর্মশালায়ও অনুপস্থিত ছিলেন। পরে ষষ্ঠ তলায় তাঁর কক্ষটি বন্ধ পাওয়া যায়। ধাক্কা দেওয়ার পর দরজাটি খুলে দেখা যায়, তিনি মেঝেতে পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্র্যাকের জ্যেষ্ঠ তথ্য ব্যবস্থাপক মাহবুব কবীর। তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে পুলিশেরও সহায়তা নেওয়া হচ্ছে।