গুলশানে রাস্তার পাশে তরুণীর লাশ
রাজধানীর গুলশান-১ নম্বর থেকে গতকাল শনিবার সকালে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে গুলশান ১-এর ১২ নম্বর সড়কের একটি বাড়ির সামনের রাস্তার পাশে লাশটি পাওয়া গেছে। লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চেহারার আদল দেখে ওই তরুণী আদিবাসী কোনো সম্প্রদায়ের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, অন্য কোথাও হত্যা করে তাঁর লাশ দুর্বৃত্তরা এখানে ফেলে গেছে বলে মনে হচ্ছে। পরিচয় জানতে আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলা হয়েছে।
গুলশান থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, তরুণীর পেটে আটটি, গলার ডান ও বাঁ পাশে একটি করে এবং হাঁটুর কাছে দুটি জখম ছিল। এগুলো ছুরিকাঘাত বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রাখা হয়েছে।