গুলশানে রেস্তোরাঁয় হামলায় জড়িত সন্দেহে ভারতে আটক ১
গুলশানে রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় জড়িত সন্দেহে ভারতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্ধমান রেলওয়ে স্টেশনে বিশ্বভারতী ফাস্ট পেসেঞ্জার ট্রেন থেকে পুলিশ তাঁকে আটক করে। আজ মঙ্গলবার ভারতের ইংরেজি পত্রিকা ‘টেলিগ্রাফ’-এর খবরে এ কথা বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ভারতের বিশ্বভারতী ফাস্ট পেসেঞ্জার ট্রেনে করে যাচ্ছিলেন ওই যাত্রী। এ সময় পুলিশ ও রেলওয়ে পুলিশ তাঁকে আটক করে। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তিকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
তবে পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বাড়ি ভারতের বীরভূমের লাবপুরে।
ওই ব্যক্তির আটক নাম-পরিচয়ের ব্যাপারে জানতে চাইলে বর্ধমানের পুলিশ সুপার কুনাল আগরওয়াল টেলিগ্রাফের প্রতিবেদককে বলেন, সময়মতো আপনারা সবকিছু জেনে যাবেন।
গত শুক্রবার গুলশানের ওই রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। এর মধ্যে ১৭ জন বিদেশি ও তিনজন বাংলাদেশি।